মুসলমানদের নিয়ে প্রচারিত একটি টেলিভিশন অনুষ্ঠানে বিজ্ঞাপন বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রভাবশালী একটি মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মুসলমানরা লউজ নামের ওই প্রতিষ্ঠানের পণ্য বর্জন করতে শুরু করেছে।নিউইয়র্কভিত্তিক টিভি চ্যানেল টিএলসিতে প্রচারিত হচ্ছে অল আমেরিকান মুসলিম নামের অনুষ্ঠান। মিশিগানের ডিয়ারবর্ন নগরের উপকণ্ঠে মুসলিম পরিবারের প্রাত্যহিক জীবন নিয়ে এই অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রা, ধর্ম পালন ও সাংস্কৃতিক তৎপরতা তুলে ধরা হচ্ছে এতে। মুসলমানদের সম্পর্কে পশ্চিমা বিশ্বে ব্যাপক কৌতূহল ও ভ্রান্ত ধারণা থাকায় অনুষ্ঠানটি ব্যাপক দর্শক টানতে সক্ষম হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিজ্ঞাপনদাতাদের মধ্যে নির্মাণসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান লউজও ছিল। ফ্লোরিডাভিত্তিক একদল রক্ষণশীল খ্রিষ্টান ওই অনুষ্ঠানের বিরোধিতা শুরু করে। তাদের মতে, ওই অনুষ্ঠানে আমেরিকার মুসলমানদের ভালো দিকগুলোই শুধু উপস্থাপন করা হচ্ছে। ফ্লোরিডা ফ্যামিলি অ্যাসোসিয়েশন নামের রক্ষণশীল দলের প্রায় ৩৫ হাজার সদস্য অনুষ্ঠানটির বিরোধিতা করে প্রচারণায় নামেন।তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের মুসলমানরা পাল্টা প্রচারণা শুরু করেছে। তবে লউজ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। প্রতিষ্ঠানের নর্থ ক্যারোলিনা সদর দপ্তর থেকে বলা হয়েছে, জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার কারণে লউজ অল আমেরিকান মুসলিম অনুষ্ঠানে তাদের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্তে অটল থাকবে।নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগানসহ মুসলমানবহুল অঙ্গরাজ্যগুলোতে মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে লউজের বাণিজ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ সমাবেশ হচ্ছে।কংগ্রেসম্যান বিল পাসক্রেল, ক্রিস মাসপি ও মার্কিন কংগ্রেসে মুসলমান হিসেবে প্রথম নির্বাচিত কংগ্রেসম্যান কিথ এলিয়ন লউজকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।নিউজার্সি ইসলামি সেন্টারের পরিচালক মুহাম্মদ আল ফিললি বলেন, লউজ রক্ষণশীলদের পক্ষাবলম্বন করে মুসলমানদের আহত করেছে। তিনি জানান, নিউজার্সিসহ অন্তত ২০টি অঙ্গরাজ্যে মুসলমানরা লউজের বিক্রয়কেন্দ্রের সামনে প্রতিবাদ জানাবে। মুসলমানরা বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত লউজে কেনাকাটা বর্জনেরও ডাক দিয়েছে।