বিড়লাসহ পাঁচজনের ব্যাংক হিসেবের তথ্য ভারতকে দিয়েছে সুইজারল্যান্ড
সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে ভারতের এমন পাঁচ শিল্পপতির নাম গেজেট আকারে প্রকাশ করেছে সুইজারল্যান্ড সরকার। এই পাঁচজনের মধ্যে ভারতের বহুল আলোচিত লিমুজিন কেলেঙ্কারিতে জড়িত তিনজন রয়েছেন।
লিমুজিন কেলেঙ্কারিতে জড়িত তিনজন হলেন, যশ বিড়লা, গুরজিত সিং কোচার ও রিতিকা শর্মা। এর আগে স্নেহ লতা শাওনি ও সঙ্গীতা শাওনির সুইস ব্যাংকে থাকা হিসেব সংক্রান্ত তথ্য দেওয়ার কথা জনসমক্ষে প্রকাশ করেছিল সুইস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি একটি মামলার তদন্তের জন্য ভারত সরকার সুইজারল্যান্ড সরকারের কাছে তাঁদের বিষয়ে তথ্য চেয়েছিল। তবে ভারত সরকারকে তাঁদের সম্বন্ধে কী তথ্য দেওয়া হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
সুইজারল্যান্ডের একটি ম্যাগাজিনে প্রকাশিত খবরে বলা হয়, সুইস ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে বিড়লা এবং ব্লিজিং অ্যাপারেলের শর্মার বেশ কিছু তথ্য ভারতীয় কর্তৃপক্ষকে দিয়েছে।
ভারতের কর কর্তৃপক্ষ কর ফাঁকির অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত করেছিল। কয়েক বছর আগে সাইদ মোহাম্মদ মাসুদের সম্বন্ধেও বেশ কিছু তথ্য দিয়েছিল সুইস কর্তৃপক্ষ। ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধে তাঁর বেশ কয়েকটি অ্যাকাউন্টও স্থগিত করেছিল তারা।
তবে যাঁদের সম্বন্ধে সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়া হয়েছে, তাঁরা চাইলে আগামী ৩০ দিনের মধ্যে তাঁদের সম্বন্ধে তথ্য না দেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
সুইস কর্তৃপক্ষ বিড়লা ও রিকিতা শর্মা সম্বন্ধে যে তথ্য ভারত সরকারকে দিয়েছে তা জনসমক্ষে প্রকাশ করেনি। সেখানে শুধুমাত্র তাঁদের ভারতীয় ঠিকানা ও জন্মতারিখ প্রকাশ করা হয়েছে।
সুইজারল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী জোহান স্নেইডার এ মাসে ভারত সফরকালে বলেছিলেন, কালো টাকার ব্যাপারটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ এবং এর সমাধানও বাঞ্ছনীয়। এসময় তিনি আরও বলেন, ‘সুইজারল্যান্ড এ ব্যাপারে আন্তর্জাতিক মান অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে যেসব দেশে এ ধরনের মামলার তদন্ত হচ্ছে সেসব দেশকে সহায়তা করার ক্ষেত্রে। তবে এ জন্য আমাদের সংসদকে এ সংক্রান্ত আইন পরিবর্তন করতে বলতে হবে।’