বিতর্ক অবসানে ওবামার জন্মসনদ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে তীব্র কানাঘুষার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার তাঁর জন্মসনদ প্রকাশ করেছেন। সনদ অনুযায়ী, ওবামা ১৯৬১ সালের ৪ আগস্ট জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে হনলুলু কাপিওলানি হাসপাতালে তাঁর জন্ম। সনদে হাসপাতালের চিকিৎসক এবং তাঁর মায়ের স্বাক্ষর রয়েছে।প্রেসিডেন্ট বারাক ওবামা জন্মসূত্রেই যুক্তরাষ্ট্রের নাগরিক কি না, এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ২০০৮ সালের নির্বাচনের আগে হাওয়াই অঙ্গরাজ্য সরকার একটি সংক্ষিপ্ত সনদ প্রকাশ করলেও বিতর্ক থামেনি। রক্ষণশীল এবং রিপাবলিকানরা বারবার বিতর্কটি উসকে দেওয়ার চেষ্টা করেছেন। তাঁরা অভিযোগ করেন, ওবামা মূলত তাঁর বাবার দেশ কেনিয়ায় জন্মগ্রহণ করেন। তাই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন না। প্রসঙ্গত, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য হতে হলে তাঁকে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতে হবে।সম্প্রতি নিউইয়র্ক টাইমস-এর এক জরিপে দেখা গেছে, ২৫ শতাংশ মার্কিনের বিশ্বাস, প্রেসিডেন্ট ওবামার জন্ম যুক্তরাষ্ট্রের বাইরের কোনো দেশে। একই জরিপে দেখা গেছে, রিপাবলিকানদের মধ্যে ৪৫ শতাংশের একই বিশ্বাস।২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রচারণা শুরু হয়ে গেছে। নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ওবামার জন্মস্থান নিয়ে সেই বিতর্ককে আরও উসকে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে প্রেসিডেন্ট বারাক ওবামাকে তাঁর জন্মের সনদপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। বারাক ওবামা বুধবার সকালে তাঁর দীর্ঘ জন্মসনদ প্রকাশ করেন। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এসব হাস্যকর বিষয় নিয়ে ব্যয় করার সময় আমাদের নেই। দেশের বাজেট ঘাটতি, জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্য সমস্যার মতো বিষয় নিয়ে এখন মাথা ঘামানোর সময়।’ জন্মসনদ প্রকাশ করে এ বিতর্কের অবসান কামনা করেন ওবামা।