বিতর্কিত জলসীমায় ফের চীনের জাহাজ
পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রিত জলসীমায় গতকাল সোমবার চীনের তিনটি জাহাজ টহল দিয়েছে বলে অভিযোগ করেছে জাপানের উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
পূর্ব চীন সাগরে বেশ কিছু দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীনের সঙ্গে জাপানসহ বেশ কয়েকটি দেশের বিরোধ চলছে। চীন বিরোধপূর্ণ এলাকায় গত নভেম্বরে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ গঠনের ঘোষণা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জাপানের অভিযোগ, চীনের তিনটি জাহাজ সোমবার সকাল ১০টার দিকে সেনকাকু দ্বীপপুঞ্জ এলাকার জলসীমার ১২ নটিক্যাল মাইলের ভেতরে ঢুকে পড়ে। তিন ঘণ্টা পর জাহাজগুলো চলে যায়।
চীন অবশ্য সেনকাকু দ্বীপপুঞ্জকে নিজের এলাকা বলে দাবি করে। ওই দ্বীপপুঞ্জ চীনে দিয়াউ বলে পরিচিত।
চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিতর্কিত জলসীমায় বেইজিংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ জানান। এএফপি।