বিতর্কিত দায়মুক্তি বিল থাই সিনেটে প্রত্যাখ্যাত
থাইল্যান্ডের বিতর্কিত দায়মুক্তি বিল গত সোমবার রাতে সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। নিম্নকক্ষে বিলটি পাসের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজধানী ব্যাংককের রাস্তায় কয়েক দিন ধরে বিক্ষোভ করে।
বিতর্কিত বিলটি পাস হলে প্রধানমন্ত্রী ইংলাকের ভাই ও দেশটির নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হতো। ওই বিলে থাইল্যান্ডে ২০০৬ সালের অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিতিশীলতা চলাকালে সংঘটিত বিভিন্ন কর্মকাণ্ডকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। ওই অভ্যুত্থানেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন থাকসিন সিনাওয়াত্রা।
১৪১ জন সিনেটরের প্রত্যেকেই দায়মুক্তি বিলের বিরুদ্ধে ভোট দেন। এটি প্রত্যাখ্যাত হবে বলে আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন সিনেটের স্পিকার নিকোম ওয়াইরাতপানজি।
ইংলাক সিনাওয়াত্রা সিনেটের সিদ্ধান্তকে সম্মান জানানোর অঙ্গীকার করেছিলেন। বিলটি প্রত্যাখ্যাত হওয়ার পর গতকাল মঙ্গলবার তিনি সরকারবিরোধী বিভিন্ন সংগঠনকে তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ক্ষমতাসীন দল পুয়ে থাই পার্টি দায়মুক্তি বিলকে দেশের রাজনৈতিক সংকট মীমাংসার পথে অগ্রযাত্রা বলে যুক্তি দেখিয়েছিল। এএফপি।