বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনা জাহাজ ঢুকলে শক্তি প্রয়োগ: জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত জলসীমায় চীনের আটটি জাহাজ ঢুকেছে বলে অভিযোগ তুলেছে জাপান। এ ঘটনায় জাপানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে টোকিও। জাপান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বিতর্কের কেন্দ্রে থাকা দ্বীপপুঞ্জে চীনা কোনো জাহাজ ঢুকলে টোকিও শক্তি প্রয়োগের মাধ্যমে তা বিতাড়িত করবে। গতকাল মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পার্লামেন্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘আমরা বিতর্কিত জলসীমায় কখনোই চীনের উপস্থিতি বরদাশত করব না।’ আইনপ্রণেতাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ব চীন সাগরে কোনো ধরনের চীনা উপস্থিতি দেখা গেলে স্বাভাবিকভাবেই শক্তি প্রয়োগের মাধ্যমে তা বিতাড়িত করা হবে। এ ক্ষেত্রে ‘চূড়ান্ত পদক্ষেপ’ গ্রহণ করা হবে বলেই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।এই দ্বীপপুঞ্জ চীনাদের কাছে দিয়াউয়ু ও জাপানের কাছে সেনকাকু নামে পরিচিত।এদিকে গতকাল জাপানের প্রায় ১৭০ জন আইনপ্রণেতা টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত বিতর্কিত ইয়াসুকুনি যুদ্ধসমাধি পরিদর্শন করেন। এ সমাধিকে জাপানের অতীত সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখা হয়। এই সমাধি নিয়ে প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়ার ব্যাপক ক্ষোভ রয়েছে। জাপানি আইনপ্রণেতাদের ইয়াসুকুনি সমাধি পরিদর্শনকে ‘জাপানের বৈরী ইতিহাস এড়ানোর কৌশল’ হিসেবে অভিহিত করেছে বেইজিং।কয়েক মাস ধরে অব্যাহতভাবে টোকিও নিয়ন্ত্রিত পাঁচটি দ্বীপসংলগ্ন এলাকায় চীনা জাহাজ যাচ্ছে। এ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় সকাল আটটার দিকে চীনের সমুদ্র পর্যবেক্ষণ জাহাজ দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে ঢুকে পড়ে। জাপানের মন্ত্রিপরিষদের প্রধান ইয়োশিহিদি সুগা বলেন, চীনা জাহাজ অব্যাহতভাবে জাপানের জলসীমায় ঢুকছে। এটা দুঃখজনক ও অগ্রহণযোগ্য।জাপান সাগরে কয়েকটি দ্বীপ নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ রয়েছে। এ ছাড়া পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপ নিয়ে জাপান ও তাইওয়ানের মধ্যে বিরোধ রয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বাইয়ুং-সি তাঁর পূর্বঘোষিত জাপান সফর বাতিল করেছেন। জাপানের দুজন মন্ত্রী চলতি সপ্তাহে টোকিওর বিতর্কিত যুদ্ধসমাধি পরিদর্শন করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সমাধিকে জাপানের ‘যুদ্ধকালীন আগ্রাসন’ হিসেবে দেখে কোরিয়া। ১৪ জন যুদ্ধাপরাধীসহ ২৫ লাখ মানুষের সমাধি রয়েছে এতে। এএফপি।