বিতর্কিত দ্বীপপুঞ্জে জাপানের যুদ্ধবিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের একটি বিমান পূর্ব চীন সাগরে চীন ও জাপানের বিতর্কিত দ্বীপপুঞ্জের ওপর দিয়ে উড্ডয়নের পর জাপান গতকাল বৃহস্পতিবার ওই অঞ্চলে যুদ্ধবিমান জড়ো করেছে। জাপানের সরকারি কর্মকর্তারা এ কথা জানান। জাপানের প্রধান মন্ত্রিপরিষদসচিব আসামু ফুজিমুরা সাংবাদিকদের জানান, গতকাল সকালে সেনকাকু দ্বীপপুঞ্জের (চীনে দিয়াওউ নামে পরিচিত) ওপর দিয়ে একটি চীনা বিমান উড়ে যাওয়ার পর বেলা ১১টার দিকে সেখানে এফ-১৫ জেট বিমান জড়ো করা হয়। বিতর্কিত ওই দ্বীপপুঞ্জের আশপাশের জলসীমায় ছয় মাস ধরে চীনা জাহাজ আনাগোনা করলেও এবারই প্রথম কোনো চীনা বিমান ওই দ্বীপপুঞ্জের ওপর দিয়ে উড়ে গেল। এর আগে দিনের শুরুতে ওই দ্বীপের আশপাশে চীনের চারটি জলযান ঘোরাফেরা করে। তখন জাপানি উপকূলরক্ষীরা তাঁদের ওই অঞ্চল ত্যাগের নির্দেশ দেয়। নানজিং গণহত্যায় নিহতদের স্মরণ: এদিকে গতকাল ছিল চীনে জাপানি বাহিনীর চালানো ‘নানজিং গণহত্যার’ ৭৫তম বার্ষিকী। ওই সময় জাপানি সেনাবাহিনী চীনে যে ব্যাপক সহিংসতা চালায় তাকেই ইতিহাসের পাতায় ‘নানজিং ম্যাসাকার’ তথা নানজিং গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করা হয়। এএফপি।