বিতর্কিত দ্বীপপুঞ্জে জেটি নির্মাণ করবে তাইওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ান দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সপ্র্যাটলি দ্বীপপুঞ্জে একটি জেটি সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। গতকাল রোববার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। সপ্র্যাটলির মালিকানা নিয়ে চীনসহ কয়েকটি দেশের মধ্যে বিরোধ চলছে। এরই মধ্যে কয়েকটি দেশ দক্ষিণ চীন সাগরে সামরিক অবস্থান জোরদার করেছে। তাইওয়ানের কোস্টগার্ড কর্তৃপক্ষ জেটি সম্প্রসারণের প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ছয় লাখ ৪০ হাজার ডলারের বাজেট ঘোষণা করেছে। বিতর্কিত ওই অঞ্চলে প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, মূলত তাইপিং দ্বীপের কাছে পরিবেশগত প্রভাব পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই তহবিল খরচ করা হবে। এ দ্বীপটি দক্ষিণ চীন সাগরের সবচেয়ে বড় দ্বীপ। তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা এ দ্বীপটি খুব সুরক্ষিত। তাইওয়ানের প্রস্তাবিত নতুন জেটিতে কোস্টগার্ডের দুই হাজার টনের ফ্রিগেট ভিড়তে পারবে। বর্তমানে ওই দ্বীপপুঞ্জে তাইওয়ানের যে জেটি রয়েছে, তাতে শুধু ছোট টহল জাহাজ ভিড়তে পারে। ২০০৬ সালে পাশের দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও তাইওয়ান তাইপিং দ্বীপে ১১৫০ মিটার দীর্ঘ একটি রানওয়ে নির্মাণ করে।তাইওয়ান, ভিয়েতনাম, ব্রুনাই, চীন, মালয়েশিয়া ও ফিলিপাইন—সব কটি দেশই তেলসমৃদ্ধ সপ্র্যাটলি দ্বীপপুঞ্জের আংশিক বা সম্পূর্ণ মালিকানা দাবি করে আসছে। আর বিতর্কিত ওই দ্বীপপুঞ্জে ব্রুনাই ছাড়া সব কটি দেশেরই সেনাঘাঁটি রয়েছে। ফিলিপাইন ও ভিয়েতনামের অভিযোগ, চীন ক্রমাগত এই অঞ্চলে আগ্রাসী হয়ে উঠছে। তাদের অভিযোগের মধ্যে রয়েছে মাছধরা জেলেদের ধরে নিয়ে যাওয়া এবং বলপ্রয়োগ করে কূটনৈতিক তৎপরতা চালানো। এএফপি।