বিতর্কিত নেতা মালেমা এএনসি থেকে বহিষ্কৃত
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) তাদের বিতর্কিত যুবনেতা জুলিয়াস মালেমাকে গত বুধবার স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এর আগে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।এএনসির শৃঙ্খলা-বিষয়ক কমিটি দলের দুর্নাম বয়ে আনা ও বিভেদ উসকে দেওয়ার দায়ে এএনসির যুব শাখা ইয়ুথ লিগের সাবেক সভাপতি মালেমাকে দোষী সাব্যস্ত করে।মালেমা এই বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবেন। স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলে আপিল করতে পারেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বিভিন্ন সময়ে মালেমাকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট জুমার একসময়ের ঘনিষ্ঠ মিত্র ৩০ বছর বয়স্ক এ যুবনেতা বর্তমানে তাঁর কঠোর সমালোচক। মালেমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে তিনটিতে সংশ্লিষ্টতা পাওয়ার পর গত বছরের নভেম্বরে তাঁকে পাঁচ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, বতসোয়ানার সরকার পরিবর্তনে তাঁর আহ্বান। মালেমার ওই আহ্বান দল ও সরকারের নীতিবিরুদ্ধ হওয়ায় তা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে বলে অভিযোগ তোলা হয়। মালেমা দাবি করেছেন, দেশের খনিগুলোর জাতীয়করণ ও প্রেসিডেন্ট জুমার পরিবর্তে অন্য কাউকে এএনসির নেতা করার পক্ষে কথা বলায় তাঁকে হয়রানি করা হচ্ছে। তবে নিজের দাবির পক্ষে মালেমা এমন সব কঠোর বিবৃতি দেওয়া শুরু করেন যে, তা দলের অনেককেই খেপিয়ে তোলে। বিবিসি।