বিতর্কিত মানবাধিকার চুক্তি স্বাক্ষর করলেন আসিয়ান নেতারা
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা সংস্থার (আসিয়ান) নেতারা মানবাধিকারবিষয়ক একটি বিতর্কিত চুক্তি অনুমোদন করেছেন। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের বার্ষিক সম্মেলনে গতকাল রোববার ওই চুক্তি স্বাক্ষরিত হয়।আসিয়ানের এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে সীমানা বিরোধ ও মিয়ানমারের অস্থিতি-শীলতা নিরসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। ১০টি সদস্য দেশের নেতারা মানবাধিকারবিষয়ক যে চুক্তি স্বাক্ষর করেন, তাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬০ কোটি মানুষের মানবাধিকার নিশ্চিত করার ঘোষণা রয়েছে।নতুন চুক্তিতে অনেক ফাঁকফোকর রয়ে গেছে বলে সমালোচকেরা মনে করেন। ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যবস্থাকে একই চুক্তির আওতায় আনা হয়েছে। যেমন: লাওস ও ভিয়েতনামে বিদ্যমান কঠোর সরকারি নিয়ন্ত্রণব্যবস্থার সম্পূর্ণ বিপরীত ফিলিপাইনের মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, এই চুক্তির পরিণাম নিয়ে আশঙ্কা রয়েছে।আসিয়ান সম্মেলনের পর নমপেনেই শুরু হচ্ছে দুই দিনব্যাপী পূর্ব এশিয়া সম্মেলন। এতে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও রাশিয়ার নেতারা যোগ দেবেন। এএফপি।