বিতর্কে জিতে চাঙা রমনি ওবামার জন্যও সুখবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির প্রথম সরাসরি বিতর্কের পর চাঙা হয়ে উঠেছে রমনির শিবির। এবার ওবামার জন্যও কিছুটা স্বস্তির খবর এসেছে। গত শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার নিম্নমুখী।কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে গত বুধবার প্রথম সরাসরি বিতর্কে অংশ নেন ওবামা ও রমনি। বিতর্কের পর কয়েকটি জনমত জরিপে দেখা যায়, ভোটারদের একটি বড় অংশই মনে করেন, এ বিতর্কে রমনির জয় হয়েছে। বিতর্কে সব দিক থেকে ওবামার চেয়ে এগিয়ে ছিলেন রমনি। শুধু জনমত জরিপ নয়, বিশ্লেষকদের রায়ে রমনি ছিলেন এগিয়ে। এ বিষয়টি রমনির শিবিরকে চাঙা করে তোলে। বিতর্কের পর নতুন প্রাণচাঞ্চল্য নিয়ে প্রচারণা চালিয়ে যেতে থাকে রমনি শিবির।অন্যদিকে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিতর্কে সুবিধা করতে না পারায় ওবামার সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা নেমে আসে। ভালো বক্তৃতা দেওয়ার জন্য বিখ্যাত ওবামা কেন ভালো করতে পারলেন না—তা নিয়ে চলে নানা বিশ্লেষণ। সমর্থকেরা বলছেন, বিতর্কে ওবামা আক্রমণাত্মক হতে পারেননি। রমনি তাঁকে একতরফা আক্রমণ করেছেন। ওবামা কেবলই আত্মপক্ষ সমর্থন করে গেছেন। তবে গত শুক্রবারের সরকারি তথ্য ওবামা শিবিরের জন্য স্বস্তি হয়ে এসেছে। এতে দেখা যায়, মার্কিন অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বেকারত্ব এখন ৭ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। গত প্রায় চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো বেকারত্বের হার ৮ শতাংশের নিচে নেমে এসেছে। রমনির প্রতি ইতিবাচক ৫১ শতাংশ: বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান আইপিএসওএসের যৌথ জরিপে দেখা যায়, ৫১ শতাংশ মার্কিন রমনির প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন করছেন। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর রমনির ইতিবাচক মনোভাবের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ। বিষয়ভিত্তিক পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি মোকাবিলা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় মিট রমনির প্রতি জনমত এখন খুব ইতিবাচক। এ ছাড়া করনীতি, অবসর-ভাতা ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলোতেও ওবামার সঙ্গে ব্যবধান কমাতে সক্ষম হয়েছেন রমনি। তবে বিতর্কে খারাপ করলেও ওবামার জনপ্রিয়তা কমেনি। রয়টার্সের জরিপে ৪৪ শতাংশ মার্কিন জানান, বিতর্কের কারণে তাঁদের মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি।