বিতর্কে ম্লান বিবাহবার্ষিকী...
মিট রমনির সঙ্গে তর্কযুদ্ধে ম্লান হয়ে গেল ওবামা-মিশেল দম্পতির এবারের বিবাহবার্ষিকী। গত বুধবার ছিল এই দম্পতির ২০তম বিবাহবার্ষিকী। আর এদিন রাতেই প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে নামেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এই দুই প্রতিদ্বন্দ্বী। বিশেষ দিনটিতে এমন বিতর্ক ফার্স্ট লেডি মিশেলের মনে যতটা না রোমাঞ্চ অনুভূতির জন্ম দিয়েছে, তার চেয়ে ঢের জন্ম দিয়েছে কষ্টের অনুভূতি।মিশেলের কথায় যেন ফুটে ওঠে ওই অনুভূতিরই প্রতিচ্ছবি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মিশেল বলেন, ‘আমি বারাককে বলেছিলাম, তুমি জানো আমার ২০তম বিবাহবার্ষিকীর দিনে বিতর্কে উপস্থিত হওয়া হবে সম্ভবত সবচেয়ে খারাপ মুহূর্তের একটি।’ তিনি বলেন, ‘এই বিতর্ক নিয়ে আমি খুব বিচলিত। বিবাহবার্ষিকীর মতো এমন একটি দিনে এ ধরনের বিতর্ক আমি পছন্দ করি না...।’ওবামা টুইটারে লেখেন, ‘এখন থেকে ২০ বছর আগে আমি আমার জীবনের অন্তরঙ্গ বন্ধু ও প্রিয়তম মানুষটিকে বিয়ে করি। শুভ বিবাহবার্ষিকী, মিশেল-বিও (বারাক ওবামা)।’পরে ডেনভারের বিতর্কমঞ্চে উঠে ওবামা আরও একবার মিশেলকে রোমান্টিক শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘আমি আজ রাতে আপনাদের অনেক কথাই বলব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথার একটি হলো, ২০ বছর আগে এই দিনে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষটি হই আমি। কেননা, মিশেল সেদিন আমাকে বিয়ে করতে সম্মত হয়।’ এএফপি।