বিতর্কের কেন্দ্রে রয়েছে অভিবাসন ও অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

আগামী ২৩ জুন অনুষ্ঠেয় গণভোটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষে-বিপক্ষে প্রচারে মুখর যুক্তরাজ্য। ইইউ ছাড়ার লাভ-ক্ষতি নিয়ে উভয়পক্ষের নেতাদের মধ্যে চলছে তুমুল বিতর্ক। এই বিতর্কে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে অভিবাসন ও অর্থনীতি।
ইইউ বিরোধীরা বলছেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে মোট অভিবাসন এক লাখের নিচে নামিয়ে আনবেন। কিন্তু ইইউর উন্মুক্ত সীমান্ত নীতির কারণে ওই লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারেননি তিনি। ২০১৫ সালে যুক্তরাজ্যে বিভিন্নভাবে আসা মোট অভিবাসীর সংখ্যা ছিল ৩ লাখ ৩৩ হাজার। ইইউ ছাড়ার পক্ষের লোকজন বলছেন, ব্যাপক অভিবাসনের ফলে যুক্তরাজ্যের স্কুল, আবাসন ও হাসপাতালগুলোতে মারাত্মক চাপ তৈরি হয়েছে। ইইউর সদস্য হিসেবে থেকে অভিবাসন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
জবাবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ইইউ নিয়ে তাঁরও কিছু হতাশা আছে। কিন্তু যুক্তরাজ্য যদি অভিবাসনের কারণে ইইউ ছাড়ে, তাহলে বিশ্বের বৃহত্তম একক বাজারে নিজেদের সুবিধা হারাবে। যুক্তরাজ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক আরোপ হবে। বিনিয়োগগুলো যুক্তরাজ্য ছেড়ে যাবে। এর ফলে দেশের অর্থনীতি ধসে পড়ার শঙ্কা রয়েছে। ইইউর বাকি ২৭টি দেশ একসঙ্গে যে সিদ্ধান্ত নেবে, তা যুক্তরাজ্যের স্বার্থের বিপরীতেও যেতে পারে। তাই যুক্তরাজ্যকে অবশ্যই আলোচনার টেবিলে থাকতে হবে। বৈশ্বিক প্রভাব ধরে রাখার জন্যও এটা জরুরি। ক্যামেরন বলছেন, ইইউতে থেকেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে।
ইইউ জোটের সদস্য ফি বাবদ যুক্তরাজ্যকে প্রতি সপ্তাহে ৩৫ কোটি পাউন্ড দিতে হয়। ইইউ-বিরোধীরা দাবি করছেন, জোটটি ছেড়ে দিলে যদি যুক্তরাজ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ হয়, সদস্য ফির বেঁচে যাওয়া অর্থ দিয়ে তা পুষিয়ে আরও প্রচুর অর্থ দেশের মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা যাবে।
তবে ইইউ-বিরোধীদের এমন বক্তব্যকে ‘মিথ্যাচার’ ও ‘অবাস্তব’ বলে আখ্যায়িত করছেন অন্য ব্যক্তিরা। স্বাধীন পর্যবেক্ষকেরাও হিসাব কষে বলছেন, ইইউ-বিরোধীদের দাবি বাস্তবতা থেকে অনেক দূরে। তাঁরা বলছেন, ইইউ যুক্তরাজ্যের বিভিন্ন উন্নয়নকাজে যে অর্থ ব্যয় করে, তা বাদ দিলে প্রতি সপ্তাহে ইইউতে যুক্তরাজ্যের অবদান দাঁড়ায় সপ্তাহে ১৬ কোটি ১০ লাখ পাউন্ড। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইইউর অভিন্ন বাজার থেকে যুক্তরাজ্য যে লাভ করে, তার পরিমাণ প্রদেয় অর্থের বহুগুণ বেশি। প্রসঙ্গত, সদস্য রাষ্ট্রগুলোকে জিডিপির ১ শতাংশ ইইউ তহবিলে দিতে হয়।
বিতর্ক হচ্ছে কোনো কোনো বিষয়ে রাষ্ট্রীয় পার্লামেন্ট ও আদালতের চেয়ে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় আদালতের ক্ষমতা বেশি হওয়া নিয়েও। যুক্তরাজ্যের ভেতরে ছাড়াও বিদেশের অনেকেই মনে করেন, জোট ছাড়লে দেশটির বৈশ্বিক প্রভাব ক্ষুণ্ন হবে।