বিতর্কের জন্য প্রস্তুত ওবামা-রমনি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর প্রতিদ্বন্দ্বী মিট রমনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগামী বুধবার অনুষ্ঠেয় বিতর্কের জন্য প্রস্তুত হচ্ছেন। বিতর্কের প্রস্তুতি নিতে ওবামা নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে বিরত রয়েছেন। আর মিট রমনি ম্যাসাচুসেটসের বোস্টনের এক শহরতলিতে তাঁর ছেলে ট্যাগের বাড়িতে বেড়ানোর মধ্য দিয়ে নীরবে দিন কাটিয়েছেন।দুই প্রার্থীর জন্যই কলোরাডোর ডেনভারে অনুষ্ঠেয় এই প্রথম মুখোমুখি বিতর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে দুই প্রেসিডেন্ট প্রার্থীর রানিং মেটরা গুরুত্বপূর্ণ জয় নির্ধারণী রাজ্যগুলোতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। হোয়াইট হাউস সূত্র জানায়, ওবামা এক অনুষ্ঠানে যোগ দিতে রোববার নেভাদা ভ্রমণ করবেন এবং পরের দুদিন তিনি বুধবারের বিতর্কের প্রস্তুতি নিতে হেন্ডারসনে কাটাবেন। ডেমোক্র্যাটরা বলছেন, রমনি একজন শক্ত বিতার্কিক। রিপাবলিকান দলের প্রাইমারিতে প্রায় ২০টির মতো বিতর্কে অংশ নিয়ে তিনি তাঁর দক্ষতা শাণিত করেছেন। অপরদিকে রিপাবলিকানদের মতে, ওবামা ২০০৮ সালে জন ম্যাককেইনের সঙ্গে বেশ কয়েকটি প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে তাঁর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন। এএফপি।