বিতর্কের জের ধরে কুয়েতের পার্লামেন্টে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের পার্লামেন্টে গতকাল বুধবার শিয়া ও সুন্নি এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কিউবার গুয়ানতানামো বের মার্কিন বন্দীশিবিরে আটক দুই কুয়েতি বন্দীর বিষয় নিয়ে বিতর্কের সময় এ ঘটনা ঘটে।শিয়া সম্প্রদায়ের এমপি হুসেইন আল-কাল্লাফ গুয়ানতানামোয় আটক ওই দুই বন্দীকে ‘আল-কায়েদা’ জঙ্গি বলে অভিহিত করেন। তখন মুসলিম ব্রাদারহুড থেকে নির্বাচিত সুন্নি এমপি জাম্মান আল-হারিশ বলেন, আল-কায়েদা নিয়ে আলোচনার জন্য এই অধিবেশন আহ্বান করা হয়নি, শুধু গুয়ানতানামোর বন্দীদের বিষয়ে আলোচনার জন্যই অধিবেশন ডাকা হয়েছে। এ নিয়ে বিতর্কের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই শিয়া ও চার সুন্নি এমপি। এতে বাধ্য হয়ে অধিবেশন মুলতবি করেন স্পিকার।কুয়েতি পার্লামেন্টে আলোচনার সময় মার্কিন আইনজীবীদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।২০০৯ সালের ফেব্রুয়ারিতে কুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনাকালে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ জাবের বলেছিলেন, গুয়ানতানামোয় বন্দী কুয়েতি নাগরিকদের ফেরত চায় না তাঁর দেশ। তাঁদের ওই আলোচনার বিষয়টি ফাঁস হয়ে যায় উইকিলিকসে প্রকাশিত গোপন নথিতে।যদিও পরে কুয়েত সরকার জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তাদের সরকারি অবস্থান নয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অসম্ভব যে কুয়েত কখনো তাদের নিজেদের ছেলেদের ভুলে যাবে। এএফপি।