বিতর্কের পরই দোদুল্যমান ভোটারদের দ্বারে ওবামা-রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে দ্বিতীয় দফা বিতর্কে লড়াই শেষে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি আবার নির্বাচনী মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রচারণার শেষ মুহূর্তে দুজনই ছুটছেন ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্যের দিকে। একই সঙ্গে তাঁরা নারী ভোটারদের কাছে টানার ওপর জোর দিচ্ছেন। গত বুধবার আইওয়া ও ওহাইওতে ওবামা এবং ভার্জিনিয়ায় রমনি নির্বাচনী প্রচারণা চালান। মঙ্গলবার রাতে নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা বিতর্ক হয়। এই বিতর্কে আক্রমণাত্মক প্রেসিডেন্ট ওবামার কাছে ধরাশায়ী হন রমনি। অন্যদিকে ৩ অক্টোবরের প্রথম বিতর্কে রমনির কাছে হেরে যান ওবামা। তাঁদের মধ্যে তৃতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর ফ্লোরিডায়।প্রথম বিতর্কে হেরে যাওয়ায় দ্বিতীয় বিতর্কে জয়টা ওবামার জন্য ছিল জরুরি। প্রথম বিতর্কে জয় পাওয়ার পর বিভিন্ন জনমত জরিপে এগিয়ে যান রমনি। আর দ্বিতীয় বিতর্কের পর ঘটেছে উল্টো। এখানে এগিয়ে গেছেন ওবামা। বিতর্ক পরবর্তী এক জনমত জরিপে দেখা গেছে, ওবামা রমনির চেয়ে ৪৮-৩৩ ভোটে এগিয়ে আছেন। এছাড়া রয়টার্স/ইপসস এর নিয়মিত অনলাইন জরিপে বুধবার রমনির (৪৪) চেয়ে তিন শতাংশ ভোটে এগিয়ে যান ওবামা (৪৭)। মঙ্গলবারও একই ব্যবধান ছিল। নটরডেম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মাইকেল ডেচ বলেন, ‘এই ফলাফল প্রেসিডেন্টকে কিছুটা গতি দেবে।’ রমনির কর পরিকল্পনার সমালোচনা করেন ওবামা। এই কর পরিকল্পনাকে ‘অসম্পূর্ণ কর্মসূচি’ উল্লেখ করে ওবামা ওহাইওতে বলেন, এতে কেবল ধনীরাই লাভবান হবে। তিনি বলেন, ‘আমরা রমনির কর কর্মসূচি সম্পর্কে সজাগ। কেননা এই একই কর্মসূচির মাধ্যমে আমরা পূবর্বর্তী সরকারের কাছে প্রতারিত হয়েছি।’ রমনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে উচ্চবিত্তের কর হ্রাস করার পরিকল্পনা রয়েছে তাঁর। রমনিও কম যাননি। তিনি আবারও ওবামাকে অযোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই প্রেসিডেন্ট মার্কিন নারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। তাঁর আমলে নারীরা চাকরি পেতে ভুগেছেন। দরিদ্র হয়েছেন।’এদিকে রমনির পক্ষে একটি টেলিভিশন বিজ্ঞাপন সম্প্রচার শুরু হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচনকালে নারীদের প্রতি দেশের অর্থনীতি এবং রমনির গর্ভপাতের বিরোধিতার বিষয়টি বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে।রমনিকে হারাতে হলে ওবামাকে ব্যাপকভাবে নারী ভোটারদের সমর্থন পেতে হবে। এ কারণে সর্বশেষ বিতর্কেও তিনি গর্ভনিরোধের অধিকার ও নারীদের জন্য সমান মজুরির বিষয়টি তুলে আনেন। দ্বিতীয় বিতর্কে ভালো করে বেশ খোশমেজাজে আছেন ওবামা। তিনি বলেন, ‘এ ধরণের পরিস্থিতি (বিতর্ক) কিভাবে মোকাবিলা করতে হয় তা আমি এখনও শিখছি। আমরা এটা নিয়ে কাজ করছি। সময়ের সঙ্গে সঙ্গে আমরা আরও ভালো করবো। এখনও একটি বিতর্ক বাকি আছে।’ অন্যদিকে রমনিও বলেন, তিনি বিতর্ক নিয়ে উত্তেজিত। রমনি বলেন, ‘আমি বিতর্ক পছন্দ করি। আপনারা জানেন, এ ধরণের জিনিস গুরুত্বপূর্ণ। আমি মনে করি, প্রেসিডেন্ট তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য এখনও কোনো কর্মপরিকল্পনা প্রকাশ না করাটা বিস্ময়কর।’আগামী ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবিসি ও এএফপি।