বিদায়বেলায়ও ভাঙলেন বিভেদের দেয়াল

সাদা-কালোর বিভেদ মুছে দিয়ে মানুষকে একই সুতোয় গাঁথার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন এখন বাস্তবতা। তাঁকে চিরবিদায় জানাতে সাদা-কালোর বিভেদ ভুলে একসারিতে দাঁড়িয়েছে মানুষ। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ইউনিয়ন বিল্ডিংয়ের সামনে সর্বস্তরের মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়েছিলেন এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে। বিদায়বেলায়ও তিনি ভাঙলেন বিভেদের দেয়াল।
পরিবারের সদস্য, আন্তর্জাতিক ও জাতীয় নেতা এবং সর্বস্তরের মানুষকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে ম্যান্ডেলার মরদেহ গতকাল দ্বিতীয় দিনের মতো রাখা হয় ইউনিয়ন বিল্ডিংয়ে। স্থানীয় সময় সকাল পৌনে আটটার দিকে ম্যান্ডেলার মরদেহবাহী কফিন সেখানে নেওয়া হয়। এরপর শুরু হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। এর আগেই প্রিয় মাদিবাকে শেষবিদায় জানাতে ইউনিয়ন বিল্ডিংয়ের পুরো চত্বরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন সর্বস্তরের মানুষ।
আগের দিন বুধবার প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষ করা হয়। তখনো ইউনিয়ন বিল্ডিংয়ের সামনে ছিল ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষের দীর্ঘ সারি। সময়ের অভাবে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয় অনেককে। গতকাল তাঁদের অনেকেই সকালেই এসে হাজির হন ইউনিয়ন বিল্ডিং চত্বরে। বুধবার ফিরে যাওয়া ৩৫ বছর বয়সী আনিতা বোদিবা বলেন, ‘আমি বিকেল সাড়ে চারটার দিকে সারিতে দাঁড়িয়েছিলাম। দীর্ঘ সারি হওয়ায় এক ঘণ্টা পরও ভেতরে পৌঁছাতে পারিনি। আমার হূদয় ভেঙে গেছে। মাদিবা এমন একজন মানুষ, যিনি সাদা-কালো ব্যবধান ঘুচিয়ে সবাইকে একই সুতোয় গাঁথতে সক্ষম হয়েছেন।’
ম্যান্ডেলার পরিবার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইউনিয়ন বিল্ডিংয়ে শান্তিতে শুয়ে থাকা মাদিবা এটা ভেবে খুশি হবেন, হাজার হাজার জনগণ তাঁর চারপাশে আছেন, যাঁদের জন্য তিনি ১৯৯৪ সালে বৈষম্যহীন-গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার ভিত্তি স্থাপন করেছিলেন।
১৫ ডিসেম্বর শৈশবের স্মৃতিমাখা কুনু গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন ম্যান্ডেলা। তার আগে আজ শুক্রবার শেষ দিনের মতো জনতার শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে ইউনিয়ন বিল্ডিংয়ে। কাল শনিবার সামরিক বিমানে করে মরদেহ নেওয়া হবে ইস্টার্ন কেপ প্রদেশের প্রধান শহর এমথাথায়। সেখান থেকে উড়োজাহাজে করেই কুনু গ্রামে নেওয়া হবে কফিন।
কুনু গ্রামের ম্যান্ডেলার বাড়ি ও সমাহিত করার স্থান ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জোহানেসবার্গের শহরতলি হাউটনের বাড়িতে মারা যান তিনি। বিবিসি।