বিদায়ী ভাষণ দিলেন পোপ বেনেডিক্ট আজ অবসর
পোপ ষোড়শ বেনেডিক্ট গতকাল বুধবার ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো ভক্তের উদ্দেশে তাঁর আবেগময় বিদায়ী ভাষণ দিয়েছেন। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, গির্জার মঙ্গলের স্বার্থেই পদত্যাগ করছেন।আট বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার কাণ্ডারির দায়িত্ব পালনের সময় তাঁর অভিজ্ঞতার বিষয়ে পোপ বলেন, এ সময়ের মধ্যে তিনি ‘এলোমেলো ঢেউয়ের’ মুখোমুখি হয়েছেন। পোপের দায়িত্ব পালন করা দুরূহ কাজ। কিন্তু তিনি এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন ঈশ্বর তাঁর সহায় হবেন এবং তাঁকে পরিচালনা করবেন। সমবেত ভক্তরা পোপের নামে স্লোগান দেন। পোপ (৮৫) আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন এবং আজই ভ্যাটিকান ত্যাগ করবেন। তিনি রোম থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রীষ্মকালীন বাসভবনে যাবেন।১৪১৫ সালে তৃতীয় জর্জের পর থেকে এখন পর্যন্ত তিনিই প্রথম ব্যক্তি, যিনি পোপের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এর পর থেকে তিনি ‘পোপ ইমেরিটাস’ হিসেবে পরিচিতি পাবেন।আগামী মার্চে গোপন সভাকক্ষে পোপের উত্তরসূরি বেছে নেওয়া হবে। বিবিসি।