বিদায়ী সেচমন্ত্রীই মিসরের নতুন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গতকাল মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী সেচমন্ত্রী হিশাম কানদিলের নাম ঘোষণা করেছেন। তাঁকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন মুরসি। রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানায়।প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ২৫ দিন পর প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন মুরসি। নতুন প্রধানমন্ত্রী কানদিল বিদায়ী কামাল গানজুরির সরকারের সেচমন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট মুরসির মুখপাত্র ইয়াসির আলী গতকাল বলেন, ‘নানা দিক বিচার-বিশ্লেষণ ও পর্যালোচনা শেষে একজন দেশপ্রেমিক ও স্বতন্ত্র ব্যক্তিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’গণবিক্ষোভের মুখে গত বছর পদত্যাগে বাধ্য হন প্রেসিডেন্ট হোসনি মোবারক। এরপর সর্বোচ্চ সামরিক পরিষদ (এসসিএএফ) দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। গত জুনে মুসলিম ব্রাদারহুডের সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মুরসি ও এসসিএএফের মধ্যে দ্বন্দ্ব চলছে। এএফপি।