হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছে না যুক্তরাষ্ট্র
বিদেশি কূটনীতিকদের পিয়ংইয়ং ছাড়ার পরামর্শ উত্তর কোরিয়ার
কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া সে দেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের শুক্রবার পিয়ংইয়ং ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ এরই মধ্যে বিবেচনা করা শুরু করেছেন কূটনীতিকেরা। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধ শুরুর পিয়ংইয়ংয়ের হুমকিকে তারা গুরুত্ব দিচ্ছে না। বুলগেরিয়া গতকাল বলেছে, পিয়ংইয়ংয়ের ওই পরামর্শের ব্যাপারে একটি অভিন্ন অবস্থান খুঁজে বের করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন মিশনের প্রধানেরা বৈঠকে বসবেন। এর আগে পিয়ংইয়ং সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, তারা যুদ্ধ বাধলে বিদেশি দূতাবাসকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। তাই তাঁরা উত্তর কোরিয়া ছেড়ে যাওয়ার বিষয় বিবেচনা করতে পারেন।তবে পিয়ংইয়ংয়ে দূতাবাস রয়েছে এমন দেশগুলোর অধিকাংশের সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দূতাবাসকর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা এখনই তাদের নেই। কেউ কেউ বলেছে, কোরীয় সংকট নিয়ে আন্তর্জাতিক মহলে দেখা দেওয়া উদ্বেগ উসকে দিতেই উত্তর কোরিয়া এ ধরনের পরামর্শ দিয়ে একরকম চালাকি করেছে।জার্মানি বলেছে, অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ায় তার দূতাবাস চালু থাকবে। এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জার্মান দূতাবাসের নিরাপত্তা ও এর বিপদের ঝুঁকি সার্বক্ষণিক মূল্যায়ন করা হচ্ছে। তবে দূতাবাস এখনো তার কাজ চালিয়ে যেতে পারে।এদিকে উত্তর কোরিয়ার পরামর্শ প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার জন্য হুমকি সৃষ্টি করছে বলে পিয়ংইয়ং যে প্রচারণা চালাচ্ছে, এটি তারই অংশ।’পিয়ংইয়ং সফর করে ফেরত আসা পশ্চিমা পর্যটকেরা জানান, উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি কার্যত শান্ত এবং জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, দৃশ্যত উত্তর কোরিয়া পূর্ব সতকর্তা ছাড়াই ক্ষেপণাস্ত্র দুটির বিস্ফোরণ ঘটাতে চায়।ওদিকে যুক্তরাষ্ট্র বলেছে, কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার যুদ্ধ শুরুর হুমকি ওয়াশিংটন গায়ে লাগাচ্ছে না। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি শুক্রবার বলেন, উত্তর কোরিয়া যদি নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, তাতে যুক্তরাষ্ট্র বিস্মিত হবে না।সিউলের কর্মকর্তারাও জে কারনির কণ্ঠ মিলিয়ে বিষয়টি হালকাভাবে দেখছেন বলে জানান। তাঁরা বলেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করতে পারে। তবে সেটি কোনো বৈরিতা সৃষ্টির জন্য না-ও হতে পারে। বিবিসি ও এএফপি।