বিদেশি নারী পর্যটকের জন্য ভারত অনিরাপদ!
বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারত বিদেশি পর্যটকদের জন্য অনিরাপদ। সম্প্রতি সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটে যাওয়ায় পর্যটকদের অনেকেই এমনটা মনে করছেন। তবে ভিন্নমতও রয়েছে।ভারতের মধ্যপ্রদেশে গত সপ্তাহে এক সুইস নারী ধর্ষণের শিকার হন। গত সোমবার গভীর রাতে ধর্ষণ থেকে বাঁচতে আগ্রায় হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন যুক্তরাজ্যের এক নারী পর্যটক। এর পর থেকে বিদেশি নারী পর্যটকেরা মনে করছেন, ভারত যেকোনো দেশের তুলনায় নারীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তবে ফ্লোরা সেইন্টস সান্স নামের এক জার্মান নারী বলেন, ‘ওই সুইস নারীর গণধর্ষণের শিকার হওয়ার পর আমি এখনো নিজেকে অনিরাপদ মনে করি না। কারণ, নিজেকে অনিরাপদ মনে করলে আমি কখনোই ভারতকে আবাসস্থল হিসেবে বেছে নিতাম না।’ অবশ্য তিনি এ-ও বলেন, ভারতে যেসব পর্যটক অবস্থান করছেন, তাঁদের নারী-পুরুষনির্বিশেষে সবাইকে চোখ-কান সর্বদা খোলা রাখতে হবে।ফ্লোরা আশার বাণী শোনালেও পর্যটকদের আশঙ্কার কারণ আছে। গত ডিসেম্বরে রাজধানী নয়াদিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়। গত সপ্তাহে মধ্যপ্রদেশে ওই সুইস নারী গণধর্ষণের শিকার হন। দুর্বৃত্তরা তাঁর স্বামীকে বেঁধে তাঁকে গণধর্ষণ করে। পরে ওই দম্পতির অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা। দুটি ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্রায় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এসব ঘটনা বিশ্বে ব্যাপক আলোড়নও সৃষ্টি করেছে।জ্যানেট ফিলিপস নামের অস্ট্রেলিয়ার এক নারী পর্যটক বলেন, ‘আমি যখন ভারতের উদ্দেশে রওনা হই, তখন আমার এক বন্ধু আমাকে একটি তালিকা দিয়েছেন। তালিকায় কী করা যাবে বা করা যাবে না, তা লিপিবদ্ধ করা হয়েছে।’আর যৌন হয়রানির শিকার না হলেও সোফি মেথার্স্ট নামের যুক্তরাজ্যের এক পর্যটক বলেন, ‘ভারতে কিছু জায়গায় যেতে হলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। আমি নয় মাস ধরে নয়াদিল্লিতে আছি। আমি সব সময় সতর্কতার সঙ্গে চলাফেরা করছি।’ আইএএনএস।