বিদেশি পরিচারিকাদের স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেবে হংকং সরকার
বিদেশি গৃহপরিচারিকাদের স্থায়ী বসবাসসংক্রান্ত এক আপিলে আদালত হংকং সরকারের পক্ষে রায় দিয়েছেন। এখন থেকে বিদেশি গৃহপরিচারিকাদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। হংকং সরকারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার হংকংয়ের উচ্চ আদালত ওই রায় দেন। হংকংয়ে কোনো গৃহপরিচারিকাকে স্থায়ী বসবাসের অনমুতি দেওয়া হয় না। এর প্রতিবাদে ফিলিপাইন থেকে আসা গৃহপরিচারিকা ইভানজেলিন বানাও ভেলেজোস স্থায়ী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেন। ভেলেজোস ১৯৮৬ সাল থেকে হংকংয়ের একটি পরিবারে কাজ করে আসছেন।ভেলেজোসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ৩০ সেপ্টেম্বর সরকারের বিরুদ্ধে রুল জারি করেন। এতে বলা হয়, এই শহরে সাত বছর বসবাস করার পর বিদেশিদের স্থায়ী হওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু সেখানে বিদেশি গৃহপরিচারিকাদের বাদ দেওয়াটা ‘অসাংবিধানিক’। বিবিসি, এএফপি।