মিয়ানমার বলেছে, আগামী মাসের সাধারণ নির্বাচন উপলক্ষে কোনো বিদেশি পর্যবেক্ষক কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমকে সে দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না। গতকাল সোমবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে বিদেশি কূটনীতিক ও গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে এ কথা জানান। এদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও মিয়ানমারের দক্ষিণ-পূর্বের এশীয় প্রতিবেশী দেশগুলো ৭ নভেম্বরের নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষকদের ঢোকার অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে বলেন, ‘দেশে অবস্থানরত জাতিসংঘভিত্তিক সংস্থাগুলোর কূটনীতিক ও প্রতিনিধিরা আগামী মাসের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন। এ ছাড়া মিয়ানমারের নির্বাচন অনুষ্ঠানের অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই আমাদের ধারণা, অন্য দেশগুলোর পর্যবেক্ষকদের পৃথকভাবে এখানে আসার কোনো প্রয়োজন নেই।’সোয়ে আরও জানান, ইতিমধ্যে বিদেশি বার্তা সংস্থাগুলোর সাংবাদিকেরা মিয়ানমারে অবস্থান নিয়েছেন। তাই নতুন করে কোনো বিদেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন, সে জন্য সাংবাদিকেরা ভোটকেন্দ্রের কোনো ভিডিও কিংবা ছবি তুলতে পারবেন না।তবে সমালোচকেরা বলছেন, জান্তা সরকার নির্বাচনে তাদের জয় নিশ্চিত করার জন্য নির্বাচনী প্রচারণাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া সংসদে তাদের শরিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টাও করছে। এর আগে মিয়ানমারের জান্তা সরকার গৃহবন্দী অংসান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) দেশটির ১০টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ঘোষণা করে।১৯৯০ সালের পর থেকে মিয়ানমারে আগামী মাসে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯০ সালের নির্বাচনে এনএলডি জয় লাভ করে। কিন্তু সামরিক জান্তা দলটির কাছে দেশটির ক্ষমতা হস্তান্তর করেনি।থাইল্যান্ডে নিরাপত্তা জোরদারএদিকে মিয়ানমারের নির্বাচন সামনে রেখে জাতিগত সহিংসতার আশঙ্কায় থাইল্যান্ড মিয়ানমারের সঙ্গে তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে। থাই সেনাবাহিনী গতকাল এ তথ্য জানায়।থাই সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, মিয়ানমারের কোনো মানুষ যাতে থাইল্যান্ডে প্রবেশ করতে না পারে এবং থাইল্যান্ড থেকে কোনো মানুষ বা অস্ত্র সীমান্তের বাইরে যেতে না পারে, সে জন্য ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ তৎপরতা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে ওই মুখপাত্র জানান। এএফপি।