ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কারাগারে বিদেশি বন্দীরা নিজেদের আত্মীয়-পরিজনের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পান না। শুধু স্থানীয় বন্দীরাই এই সুযোগ পান। এবার বিদেশি বন্দীদেরও সেই সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের কারা কর্তৃপক্ষ।কর্মকর্তারা বলেছেন, বিদেশি বন্দীদের টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়া হলে সবচেয়ে বেশি লাভবান হবেন বাংলাদেশের বন্দীরা। কারণ, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বিদেশি বন্দীদের সিংহভাগই বাংলাদেশি। এরই মধ্যে কারা কর্তৃপক্ষের ওই প্রস্তাব রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রাথমিকভাবে কলকাতার প্রেসিডেন্সি, দমদম কেন্দ্রীয় কারাগার ও আলীপুর কেন্দ্রীয় কারাগারের বিদেশি বন্দীদের টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই তিন কারাগারে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটান এবং মিয়ানমারের বন্দী রয়েছেন। তাঁদের সংখ্যা মাত্র ৩৬। অন্যদিকে বাংলাদেশি বন্দীর সংখ্যা দুই হাজার ২০০ জন।পশ্চিমবঙ্গ কারা দপ্তরের মহাপরিদর্শক (আইজি) রণবীর কুমার জানান, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলে বিদেশি বন্দীদের বেশির ভাগই তাঁদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। মানবিক কারণে কারা দপ্তর এই প্রস্তাব স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছে।