বিদেশি বিনিয়োগ নিয়ে সংকট কাটেনি কংগ্রেস সরকারের
ভারতের খুচরা পণ্যের বাজারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সংকট এখনো কাটেনি। এদিকে আগামী সোমবার নয়াদিল্লিতে এক বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এতে নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।ভারতে গত শুক্রবার থেকে এফডিআই কার্যকর শুরু হয়েছে। তবে এখনো দেশটির ২৮টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কেবল ১০টি রাজ্য এ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করতে সম্মত হয়েছে। বাকি রাজ্যগুলো এখনো সম্মতি না জানানোয় কেন্দ্রীয় সরকার ওইসব রাজ্যকে রাজি করানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের হাতে থাকা যে ১০টি রাজ্য এফডিআই কার্যকরে লিখিতভাবে সম্মতি জানিয়েছে সেগুলো হলো: অন্ধ্র প্রদেশ, আসাম, দিল্ল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, রাজস্থান, উত্তরাখন্ড এবং দমন ও দিউ। আবার কংগ্রেসশাসিত কেরালা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয় রাজ্যও এখন পর্যন্ত এফডিআই কার্যকরের সিদ্ধান্ত নিতে পারেনি।অন্যদিকে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, কর্ণাটক, হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ, ঝাড়খন্ড, ত্রিপুরা, তামিলনাড়ু ও সিকিম এফডিআইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দোটানায় রয়েছে ওডিশা রাজ্য। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও এফডিআইসহ কয়েকটি সংস্কারমূলক সিদ্ধান্তের প্রতিবাদে ইউপিএ সরকার থেকে বেরিয়ে যাওয়া তৃণমূলের নেত্রী মমতার পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যটিতে এফডিআই কার্যকর করতে দেওয়া হবে না বলে গত রোববার আবারও জানিয়ে দিয়েছেন।১ অক্টোবর নয়াদিল্লিতে বিক্ষোভ: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোমবার ঘোষণা করেছেন, আগামী ১ অক্টোবর নয়াদিল্লির যন্তর মন্তরে তিনি তাঁর দলের এক বিক্ষোভে নেতৃত্ব দেবেন। এফডিআই, গ্যাস সিলিন্ডার সরবরাহের ওপর বাধানিষেধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।মমতা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গতকাল লেখা এক বার্তায় বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রচণ্ড আন্দোলন শুরু করি। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। আমাদের কণ্ঠ জনগণেরই কণ্ঠ। সরকার যেন তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সে জন্য আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে।’তিনি আরও বলেন, ‘ওই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সে দিনের বিক্ষোভে আমরা সবাই উপস্থিত থাকব। সরকারের প্রতি অনুরোধ জানাব তারা যেন গণবিরোধী সিদ্ধান্ত উঠিয়ে নেয়।’মুখ্যমন্ত্রী মমতা বলেন, জনগণের স্বার্থরক্ষায় দেশব্যাপী তাঁর দলের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি তাঁর ফেসবুকের বন্ধুদের প্রতিও নয়াদিল্লিতে ওই দিন বেলা একটায় শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানান।