বিদেশি সামরিক হস্তক্ষেপ সমর্থন করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারবিরোধী প্রধান দুই পক্ষ একটি গণতান্ত্রিক রূপরেখার ব্যাপারে সম্মত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরবর্তী সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার একটি চুক্তিতে স্বাক্ষর করে দুই পক্ষ। চুক্তিতে বিদেশি সামরিক হস্তক্ষেপ সমর্থন করা হবে না বলে উল্লেখ করা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়ায় প্রায় ১০ মাস ধরে বিক্ষোভ চলছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সহিংসতায় পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আরব লিগের পর্যবেক্ষক দল সিরিয়া পরিদর্শন করছে। এর মধ্যেও শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৭ জন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।সিরিয়ার প্রধান দুই পক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) ও ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি শুক্রবার একটি চুক্তিতে সই করে। এসএনসির জ্যেষ্ঠ সদস্য ও সিরিয়ার মুসলিম ব্রাদারহুডের নেতা মৌলহেম ড্রাউবি এ কথা জানান। প্রেসিডেন্ট আসাদবিরোধী হিসেবে এই দুই পক্ষ ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে সিরিয়ায় চলমান আন্দোলন তারা কীভাবে নিয়ন্ত্রণ করবে তা স্পষ্ট নয়।দুই পক্ষের চুক্তি অনুযায়ী আসাদবিরোধী অন্য পক্ষগুলোকে নিয়ে আগামী মাসে একটি সম্মেলন করার কথা জানানো হয়েছে। চুক্তিতে দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বিদেশি সামরিক হস্তক্ষেপ সমর্থন করা হবে না বলে উল্লেখ করা হয়। তবে আরব বিশ্বের হস্তক্ষেপকে বিদেশের হস্তক্ষেপ বলে বিবেচনা করা হবে না।এসএনসি বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে রাজি থাকলেও ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি এতে রাজি হয়নি। চুক্তিতে দুই পক্ষ আসাদের বিদায়ের পর এক বছর অন্তর্বর্তীকালীন সময় ধরেছে। এই সময়ের নতুন সংবিধান রচনা করা হবে। সংবিধানে সংসদীয় গণতন্ত্র নিশ্চিত করার বিষয়টি উল্লেখ থাকবে।এসএনসির প্রধান বুরহান ঘালিউন গত শুক্রবার বলেন, ‘সরকার যদি শান্তি পরিকল্পনা না মানে, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। আমার মনে হয়, আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি।’ গতকাল খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভে অংশ নেয়। তারা স্লোগান দেয়, ‘যারা শহীদ হয়েছে তারা সৃষ্টিকর্তার প্রিয়, প্রেসিডেন্ট আসাদ সৃষ্টিকর্তার শত্রু।’ গতকাল দারা, ইদলিব ও আলেপ্পোসহ আরও কয়েকটি স্থানে বিক্ষোভ হয়।সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, শুক্রবার প্রেসিডেন্ট আসাদের সমর্থনে এবং সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ হয়েছে।এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করেছে, শুক্রবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৭ জন নিহত হয়েছে। যে এলাকাগুলোতে আরব লিগের পর্যবেক্ষক দল নেই, নিরাপত্তা বাহিনী সেই এলাকাগুলোতে গুলি চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। রয়টার্স ও এএফপি।