রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশের কিছু বিরোধী রাজনৈতিক সংগঠন বিদেশিদের স্বার্থে কাজ করছে। তবে এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। গতকাল বুধবার মস্কোয় জাতির উদ্দেশে দেওয়া এক বাজেট বক্তৃতায় পুতিন এসব কথা বলেন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এটাই তাঁর প্রথম ভাষণ। পুতিনের বিরুদ্ধে দুর্নীতি ও ভোট কারচুপির মতো অভিযোগ ওঠার পরও গত মার্চে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপরই পুতিনবিরোধীদের ওপর দমনপীড়ন শুরু হয়। তবে ভাষণে পুতিন সরাসরি কোনো বিরোধী রাজনীতিকের নাম উল্লেখ না করে বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যে রাজনীতিক রাশিয়ার সীমানার বাইরে থেকে অর্থ নেন, তিনি কখনোই এই ভূখণ্ডের রাজনীতিবিদ হতে পারেন না।’ ভাষণে পুতিন রুশ জাতির নিজস্ব পরিচয় ধরে রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি রুশ পরিবারগুলোকে আরও সন্তান-সন্ততি গ্রহণে উৎসাহ দেন। তিনি বলেন, একটি পরিবারে তিনটি সন্তান থাকাটাই স্বাভাবিক নিয়ম হওয়া দরকার। বিবিসি।