বিদেশিরা সিরিয়া ধ্বংসের ষড়যন্ত্র করছে: আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করেছেন, বিদেশিরা সিরিয়া ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাঁর সরকার বিদেশি ষড়যন্ত্রের শিকার। হুলা গণহত্যার জন্য ‘পিশাচদের’ দায়ী করেন তিনি। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আলোচনার দরজা খোলা আছে বলেও মন্তব্য করেন আসাদ। সিরিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় গতকাল রোববার প্রেসিডেন্ট আসাদ এসব কথা বলেন। তাঁর বক্তৃতা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সিরিয়ায় রক্তপাত বন্ধে আরব নেতাদের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা এবং ফ্রান্সের জাতিসংঘের অনুমোদন নিয়ে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের প্রসঙ্গ তোলার পর প্রেসিডেন্ট আসাদ এই অভিযোগ করলেন।গত ৭ মে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো পার্লামেন্টে বক্তৃতা করলেন আসাদ। তিনি বলেন, ‘এখন অনেকের মুখোশ খুলে গেছে, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ভূমিকা স্পষ্ট হয়েছে।’ তিনি আরও বলেন, গত পার্লামেন্ট নির্বাচন ছিল ‘হত্যাকারী ও তাদের অর্থের জোগানদাতাদের প্রতি’ সঠিক জবাব। প্রেসিডেন্ট আসাদ বলেন, গত ২৫ ও ২৬ মে হুলা শহরে অন্তত ১০৮ জনকে হত্যা করা হয়েছে। পিশাচেরা এই হত্যাযজ্ঞ চালিয়েছে। গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সহিংসতায় নিহতদের ‘শহীদ’ বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আসাদ বলেন, ‘আমরা রাজনৈতিক কোনো সমস্যার মুখোমুখি নই, এই দেশ ধ্বংস করার ষড়যন্ত্রের মুখোমুখি।’ তিনি বলেন, যারা ‘বিদেশি হস্তক্ষেপ চাচ্ছে’, তাদের সঙ্গে ‘কোনো ধরনের আলোচনা নয়’। তবে যারা বাইরের সমর্থন বা অস্ত্র সংবরণ করবে, তাদের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে। পর্যবেক্ষকেরা জানিয়েছেন, গত শনিবার সিরিয়ায় সহিংসতায় ৫৭ সেনাসহ ৮৯ জন নিহত হয়েছে। আসাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে এত বেশি সেনা নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম। এএফপি, রয়টার্স।