বিদেশে গোয়েন্দার সংখ্যা বাড়াচ্ছে পেন্টাগন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির অংশ হিসেবে বিদেশে অতিরিক্ত কয়েক শ গুপ্তচর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার ওয়াশিংটন পোস্ট-এর খবরে এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে (ডিআইএ) ঢেলে সাজানোর পরিকল্পনা হিসেবে পেন্টাগন ওই সিদ্ধান্ত নিয়েছে। গত দশকে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধসংক্রান্ত তথ্য সংগ্রহের সময় প্রাথমিকভাবে ডিআইএকে ঢেলে সাজানোর ওপর জোর দেওয়া হয়েছিল। গোয়েন্দা সংখ্যা বাড়ানোর এ প্রক্রিয়া সম্পন্ন হলে সারা বিশ্বে ডিআইএর সদস্য সংখ্যা হবে কমপক্ষে এক হাজার ৬০০।তবে মার্কিন কর্মকর্তারা জানান, ওই পরিকল্পনায় সিআইএর প্রশিক্ষিত নতুন প্রজন্মের গোয়েন্দারা অন্তর্ভুক্ত থাকবেন। তাঁরা মার্কিন জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। প্রতিরক্ষা দপ্তর থেকে তাঁদের ওপর গোয়েন্দাগিরির নির্দিষ্ট দায়িত্ব দেওয়া থাকবে। এএফপি।