বিদেশে চলে যাওয়া নাগরিকদের ফিরিয়ে আনতে চায় মিয়ানমার
মিয়ানমার থেকে অন্য দেশে চলে যাওয়া হাজার হাজার নাগরিককে আবার দেশে ফিরিয়ে আনার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন।গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। দেশটিতে চলমান সংস্কারকাজ চালিয়ে নিতে দক্ষ শ্রমিকের সহায়তা প্রয়োজন।সেনাশাসনের সময় মিয়ানমারের দুর্নীতিগ্রস্ত অর্থনীতি ও রাজনৈতিক দমন-পীড়নের কারণে লাখ লাখ নাগরিক দেশটি ছেড়ে চলে যায়। এতে করে দক্ষ পেশাজীবী কর্মীর ব্যাপক সংকট সৃষ্টি হয়। চলে যাওয়া ওই সব দক্ষ পেশাজীবী এখন দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখতে পারে।মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য নিউ লাইট অব মািয়ামানমার পত্রিকায় প্রেসিডেন্ট থেইন সেইন যেসব নাগরিক বিভিন্ন কারণে দেশের বাইরে অবস্থান করছেন, তাঁদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশে ফিরে এলে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। বিশেষ করে প্রকৌশলী, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নাগরিকেরা এই সুবিধা ভোগ করবেন। তিনি আরও বলেন, ‘যদি তাঁরা দেশে এসে ব্যবসা-বাণিজ্যসহ তাঁদের কাজে কোনো ধরনের সমস্যায় পড়েন, সে ক্ষেত্রে রাষ্ট্র তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।২০১০-এর নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে থেইন সেইনের ক্ষমতা গ্রহণের পর বিদেশে বসবাসরত দেশটির অনেক নাগরিকই রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কারের পরিপ্রেক্ষিতে দেশে ফেরার ইচ্ছা পোষণ করছেন। সেনাসমর্থিত থেইন সেইন সরকার গত বছর ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে সংস্কার কর্মসূচি শুরু করেন। এএফপি।