বিদেশে ভারতীয়দের অবৈধ ৫০ হাজার কোটি ডলার গচ্ছিত!
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) পরিচালক এ পি সিং বলেছেন, অন্য দেশের ব্যাংকে যেসব দেশের নাগরিকেরা অবৈধ অর্থ জমা রাখেন, সেসব দেশের শীর্ষে রয়েছে ভারত। ভারতের নাগরিকদের প্রায় ৫০ হাজার কোটি মার্কিন ডলার অবৈধ অর্থ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে গচ্ছিত আছে। গতকাল সোমবার দুর্নীতি প্রতিরোধ ও সম্পদ পুনরুদ্ধারবিষয়ক আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) এক অনুষ্ঠানে সিবিআইয়ের পরিচালক এসব কথা বলেন। এ পি সিং বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে যে ৫৩টি দেশ সবচেয়ে ভালো অবস্থানে আছে (যেসব দেশে দুর্নীতির পরিমাণ কম), ওই সব দেশেই অবৈধ অর্থের বড় অংশ পাচার হয়। ওই দেশগুলোতে কর ছাড় দেওয়ার ব্যাপক সুবিধা আছে।’সিবিআইয়ের পরিচালক বলেন, ভারতীয় নাগরিকেরা যেসব দেশের ব্যাংকে অবৈধ অর্থ গচ্ছিত রাখেন, তার মধ্যে নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড রয়েছে। অথচ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড। ওই তালিকায় সিঙ্গাপুরের অবস্থান পঞ্চম ও সুইজারল্যান্ড সপ্তম স্থানে রয়েছে। পিটিআই।