
অনেক বিশেষজ্ঞ ও পেশাদার গোয়েন্দা যুক্তরাজ্যে সন্ত্রাসের ঝুঁকি বৃদ্ধির সঙ্গে বিদেশে যুদ্ধে জড়ানোর যোগসূত্র পেয়েছেন উল্লেখ করে লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, সন্ত্রাসবাদ দমনের প্রচলিত যুদ্ধনীতি ব্যর্থ হয়েছে। তিনি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। লেবার নেতা বলেন, তাঁর প্রস্তাবিত পররাষ্ট্রনীতি দেশে নিরাপত্তাঝুঁকি বাড়াবে না, বরং কমাবে। গতকাল শুক্রবার লন্ডনে নির্বাচনী প্রচারের পুনঃসূচনা করে এমন ঘোষণা দেন করবিন।
ম্যানচেস্টারে গত সোমবারের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় থেমে গিয়েছিল নির্বাচনী প্রচার। গতকাল থেকে দলগুলো আবার প্রচারে নামে। মাত্র ১২ দিনের মাথায় আগামী ৮ জুন যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। আরও হামলার আশঙ্কায় দেশে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। এমন পরিস্থিতিতে গতকাল প্রচারে ফেরা দলগুলোর কাছে প্রাধান্য পায় জাতীয় নিরাপত্তার বিষয়টি।
ম্যানচেস্টারে হতাহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে করবিন বলেন, সন্ত্রাসবাদের ব্যাখ্যা যা-ই হোক, তা কোনোভাবেই হত্যাকাণ্ডকে বৈধতা দেয় না। বরাবর শান্তি ও মানবাধিকারের পক্ষে লড়া করবিন বলেন, জনগণের অবশ্যই জানা উচিত লেবার দল ক্ষমতায় গেলে নিরাপত্তাঝুঁকির কী সমাধান দেবে। তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধিতে লেবার দল আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট বাড়াবে, যাতে তারা দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব উপকরণের সংস্থান করতে পারে। আর বিদেশি সন্ত্রাসের ঝুঁকি কমাতে পররাষ্ট্রনীতিতে যুদ্ধ হবে শেষ অবলম্বন। আন্তর্জাতিক আইন মেনে সুষ্ঠু পরিকল্পনা ও পর্যাপ্ত সরঞ্জাম দিয়ে ব্রিটিশ সেনাদের যুদ্ধে নামানো হবে, যার ফল হতে হবে কল্যাণমুখী।
যুদ্ধবিরোধী হিসেবে পরিচিত করবিন আফগানিস্তান ও ইরাকে হামলার তীব্র বিরোধিতা করেন। সিরিয়া ও লিবিয়ায় হামলার বিপক্ষে তিনি ভোট দিয়েছেন। তবে জাতীয় নিরাপত্তার জন্য ‘যেকোনো কঠোর সিদ্ধান্ত’ নিতে প্রস্তুত বলেও ঘোষণা দেন তিনি।
করবিন বলেন, কোনো সরকারের পক্ষেই সন্ত্রাসের ঝুঁকি শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়। কিন্তু ঝুঁকি মোকাবিলার সম্ভাব্য প্রস্তুতি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কনজারভেটিভ সরকার গত সাত বছরে বাজেটে কাটছাঁট করে আইনশৃঙ্খলা বাহিনীকে যে দুর্বল করেছেন, সেদিকটির প্রতি ইঙ্গিত করে করবিন এসব কথা বলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, বাজেট হ্রাসের কারণে সন্ত্রাসের ঝুঁকি বেড়েছে, এ দাবি ঠিক নয়। আর নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী বেন ওয়ালেস অভিযোগ করেন, ম্যানচেস্টারের ঘটনা নিয়ে করবিন রাজনীতি করছেন।
ম্যানচেস্টার হামলায় মোট আটক ১০
পুলিশ জানিয়েছে, ম্যানচেস্টারে হামলার ঘটনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। শীর্ষ সন্ত্রাস দমন কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট কমিশনার মার্ক রাওলি বলেন, আত্মঘাতী হামলাকারী ২২ বছর বয়সী সালমান আবেদি যে সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য, তার ‘বড় একটা অংশের’ সন্ধান পাওয়া গেছে। অভিযান চলছে এবং আরও লোককে গ্রেপ্তার করা হবে। এর আগে পুলিশ জানায়, গতকাল পর্যন্ত মোট ১০ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।