বিদ্যালয়ে ফিরেছে স্যান্ডি হুকের শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের শিশুরা সেই বিভীষিকাময় ঘটনা পেছনে ফেলে গতকাল বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ে যেতে শুরু করেছে। তবে বিদ্যালয়ের আগের ক্যাম্পাসে নয়, কিছুটা দূরে চক হিল স্কুলের অব্যবহূত ভবনে তাদের ক্লাস হবে। সেটিই হবে স্যান্ডি হুক স্কুলের নতুন ঠিকানা।গত ১৪ ডিসেম্বর অ্যাডাম ল্যানজা নামের এক তরুণ স্যান্ডি হুক স্কুলে ঢুকে শিশুসহ ২৬ জনকে গুলি চালিয়ে হত্যা করে। পরে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। এর পর থেকে বিদ্যালয়টি বন্ধ ছিল।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্যান্ডি হুক স্কুলের নতুন ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। আগের আসবাবগুলো শিশুদের আনন্দ দেওয়ার উপযোগী করে রূপান্তর করা হয়েছে। স্যান্ডি হুক স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনা পেজ অভিভাবকদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, ‘স্কুল এখন নিরাপদ এবং পড়াশোনা শুরু করার জন্য পুরোপুরি উপযোগী।’ বিবিসি ও এএফপি।