বিদ্যুতের ব্যর্থ গ্রাহকদের জন্য কেজরিওয়ালের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

সঠিক সময়ে বিদ্যুত্ বিল দিতে ব্যর্থ গ্রাহকদের জন্য বড় ধরনের পুরষ্কার ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) সরকার।

দিল্লির সরকারের ঘোষণা অনুযায়ী, ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত বিল না দেওয়া ব্যক্তিরা তাদের প্রদেয় অর্থের অর্ধেক পরিশোধ করতে পারবেন। ওই বিপুল ছাড় পুষিয়ে নিতে সরকার ছয় কোটি রুপি ভর্তুকি দেবে।

আজ বুধবার এএপির জ্যেষ্ঠ নেতা মনীষ সিসোদিয়া বিদ্যুতের গ্রাহকদের ওই সুসংবাদটি দেন। তিনি বলেন, ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমাদের প্রচারণায় দিল্লির বাসিন্দারা সমর্থন যুগিয়েছে। তাঁদের বিলের ওপর ৫০ ভাগ ভর্তুকি দেওয়া হবে। দেরিতে বিল দেওয়ায় তাদের কোনো জরিমানাও গুনতে হবে না।’

২০১২ সালের অক্টোবরে বিদ্যুত্ ও পানির অতিরিক্ত বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লিবাসীকে একটি আবেদনে স্বাক্ষর করার আহ্বান জানায় এএপি। সে সময় ১০ লাখ লোক সে আবেদনে সাড়া দেয়। তাদের মধ্যে ২৪ হাজার লোক ছিল, যারা সঠিক সময়ে তাদের বিল দিতে ব্যর্থ হয়েছে।


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং বিদ্যুত ও পানির দাম কমানোকে তাদের নির্বাচনী প্রচারণার অগ্রভাগে রেখেছিল। সে সময় বিল না দেওয়ায় বিদ্যুত্-সংযোগ বিচ্ছিন্ন কয়েকটি বাড়িতে গিয়েছিলেন কেজরিওয়াল। তিনি ওই বাড়িগুলোতে সংযোগ পুনঃস্থাপনও করেছিলেন।
গত বছরের ডিসেম্বরে দিল্লি রাজ্য নির্বাচনে স্বপ্নিল জয় পায় এএপি। ১৫ বছর দিল্লিতে ক্ষমতায় থাকা শিলা দীক্ষিতের রাজত্বে হানা দেয় দলটি।