বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ দিল্লিবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের তীব্র দাবদাহে এমনিতেই প্রাণ ওষ্ঠাগত, তার ওপর আবার বিদ্যুৎ নেই। এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার রাতে রাজপথে নেমে আসেন ভারতের রাজধানী নয়াদিল্লির মানুষ।

ভজনপুরা, জাফরাবাদসহ বেশ কয়েকটি এলাকার লোকজন এ সময় বিক্ষোভে ফেটে পড়েন।

আজ বুধবার এএফপি ও এনডিটিভির খবরে জানানো হয়, রাস্তায় নেমে আসা বিক্ষুব্ধ লোকজন বিদ্যুতের দাবিতে একপর্যায়ে গাড়ি ভাঙচুর শুরু করেন।

নয়াদিল্লির সহকারী পুলিশ কমিশনার ভি ভি চৌধুরী জানান, ভজনপুরায় বাস ও জিপ ভাঙচুরের ঘটনায় তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিদ্যুতের তীব্র সংকট সমাধানে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় কেজরিওয়াল বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিদ্যুৎ-সংকট সমাধানে সক্ষম নয়, সরকার গঠনেও সক্ষম নয়। তারা পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন।

দিল্লিতে এখন তাপমাত্রা গড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। এ অবস্থায় মধ্যেই নয়াদিল্লির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সম্প্রতি বিদ্যুৎ-সংকট প্রকট হয়ে উঠেছে। বিদ্যুৎ সরবরাহের বেহাল দশার কারণে তীব্র গরমেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর ওপর আবার কিছুদিন আগে প্রবল বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে বিদ্যুতের লাইনের অবস্থা আরও খারাপ হয়েছে।

এ পরিস্থিতিতে গত রোববার জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চয়ের ঘোষণা দিয়েছে দিল্লির সরকার। বিদ্যুৎ সঞ্চয়ে দিনে নির্দিষ্ট সময়ের জন্য বিপণি কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা, সড়কের বাতি এবং সরকারি দপ্তরগুলোতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুতের দাবিতে উত্তর প্রদেশেও জনরোষ সৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশের রাজধানী লক্ষেৗর কাছে অবস্থিত বিদ্যুতের একটি উপকেন্দ্রে হামলা চালিয়েছেন স্থানীয় লোকজন।