বিদ্যুৎ নেই, মানুষ নেই, ব্রিসবেন ভুতুড়ে নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেন বন্যাকবলিত হয়েছে। ১০০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় প্রায় ২০ হাজার ঘরবাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে। কুইন্সল্যান্ডে আকম্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। শহরের প্রায় এক লাখ বাড়িতে বিদ্যুৎ নেই। ফলে প্রচুর মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান আনা ব্লাই বলেন, ‘শতাব্দীর ভয়াবহতম বন্যার কবলে আমরা। আমাদের নদীতে ব্যাপকহারে পানি বাড়ছে। ফলে আমাদের প্রচুর সম্পদ বন্যায় নষ্ট হতে পারে।’১৮৯৩ সালের পর বন্যার এতটা ভয়াবহ রূপ দেখেনি ব্রিসবেনবাসী। নদীর পানি দুই কূল ছাপিয়ে ঘরবাড়ি, এলাকা, দোকানপাটে ঢুকে পড়ছে। বন্যায় প্লাবিত হয়ে ব্রিসবেনের পশ্চিমাঞ্চলের ইপসউইচ শহরে ব্যাপক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।কমনওয়েলথ ব্যাংক অব এশিয়ার (সিবিএ) এক প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়, বন্যার কারণে বিশ্ববাজারে কয়লার ব্যাপক ঘাটতি দেখা দিতে পারে। বন্যার ভয়াবহতার কারণে বিশ্বের মোট চাহিদার পাঁচ শতাংশ কয়লার উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে।রাজ্যপ্রধান আনা ব্লাই অস্ট্রেলিয়ার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্রিসবেনের পশ্চিমে লকিয়ার ভ্যালিতে অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্ধারকর্মীরা প্রায় ৯০ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজছেন। গতকাল বুধবার ব্রিসবেনের অধিকাংশ এলাকা ছিল জনমানবশূন্য। দোকানগুলোয় বন্ধের নোটিশ টাঙিয়েছে। দ্য ব্রিসবেন কুরিয়ার মেইল জানায়, শহরের ৫০টি উপশহর বন্যাকবলিত। পানিতে তলিয়ে গেছে দুই হাজার ১০০টি সড়ক। নগরের মেয়র ক্যাম্পবেল নিউম্যানের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, কয়েকটি এলাকা পুরোপুরি ডুবে গেছে।খুব বেশি প্রয়োজন না হলে কাউকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, ‘ভয়ে চমকে ওঠার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি আসলে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।’ এএফপি, বিবিসি ও রয়টার্স।