বিদ্যুৎ বন্ধের ক্ষতিপূরণ ট্রিলিয়ন পাউন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কারণে বিদ্যুৎ ছিল না। তাই গ্রাহকদের ক্ষতিপূরণের চেক পাঠিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। কিন্তু চেক দেখে তো গ্রাহকের চোখ কপালে! এক–দুই হাজার নয়, একেবারে ট্রিলিয়ন পাউন্ডের চেক। পরে অবশ্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের ভুল ছিল। এ জন্য ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি।

এ কাণ্ড করেছে যুক্তরাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান পাওয়ারগ্রিড। খবর এনডিটিভি ও বিবিসির।

এ রকম একটি ভুল চেক পেয়েছিলেন ওয়েস্ট ইয়র্কশায়ারের বাসিন্দা গ্যারেথ হিউজ। তিনি ১২ ফেব্রুয়ারি চেকের ছবি টুইটারে পোস্ট করেন। এ ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকেন ব্যবহারকারীরা, যুক্তরাজ্যের এ রীতি পুরোনো। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, বিদ্যুৎ-সংযোগ বন্ধ করতে হলে প্রতিষ্ঠানকে অবশ্যই দুই দিনের নোটিশ দিতে হবে। নয়তো গ্রাহককে ৩০ পাউন্ড দিতে হবে। আর বৈরী আবহাওয়ার কারণে যদি ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে ৭০ পাউন্ড ক্ষতিপূরণ পাবেন ব্যবহারকারী। প্রতি ১২ ঘণ্টার জন্য এ অর্থ দেবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। তবে সর্বোচ্চ ৭০০ পাউন্ড পর্যন্ত পাবেন কোনো ব্যবহারকারী।

কিন্তু গ্যারেথ হিউজকে দেওয়া হয়েছিল ২ দশমিক ৩ ট্রিলিয়ন পাউন্ডের চেক। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৭৪টি চেকের ক্ষেত্রে এমন ভুল হয়েছে।

চেক পাওয়ার পর গ্যারেথ হিউজ টুইট বার্তায় লেখেন, ‘ঝড়ের সময় কয়েক দিন বিদ্যুৎ ছিল না। তাই ক্ষতিপূরণ দেওয়ায় নর্দান পাওয়ারগ্রিডকে ধন্যবাদ। আমি চেকটি ব্যাংকে জমা দেওয়ার আগে জানতে চাইছি, আপনারা শতভাগ নিশ্চিত যে এই অর্থ দিতে পারবেন?’

এ টুইটের পাল্টা টুইট করে নর্দান পাওয়ারগ্রিড। এতে তারা লিখেছে, ‘বিষয়টি নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।’ এ প্রসঙ্গে নর্দান পাওয়ারগ্রিডের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা ওই চেকগুলো দিয়ে অর্থ পাওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছি। তাই চাইলেও তাঁরা ব্যাংক থেকে অর্থ পাবেন না।’