বিদ্যুৎ-বিপর্যয় কাটিয়ে উঠেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিদ্যুৎ পরিস্থিতি গতকাল বুধবার থেকে স্বাভাবিক হয়ে এসেছে। কর্মকর্তারা এ তথ্য জানান।এর আগের দুই দিন দেশের বড় অংশ স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়। ওই দুই দিনে ধারাবাহিকভাবে তিনটি বৈদ্যুতিক সরবরাহ গ্রিডে বিপর্যয় দেখা দিলে দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী বা ৬০ কোটির বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে। এ ছাড়া, বিদ্যুৎ চলে যাওয়ায় স্থবির হয়ে পড়ে নগরবাসীর জীবনযাপন। বিপর্যয়ে পড়ে পরিবহন ও অন্যান্য সেবাব্যবস্থা।উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ওই তিনটি গ্রিড অকার্যকর হয়ে যাওয়ায় ভারতের ২৮টি রাজ্যের ২০টি রাজ্যই ব্যাপকভাবে প্রভাবিত হয়। বিশেষভাবে ধস নামে রেল পরিবহন ব্যবস্থায়। আটকে পড়ে শত শত ট্রেন। বাধাগ্রস্ত হয় পানি সরবরাহ।বিদ্যুৎব্যবস্থা পরিচালনা করপোরেশনের প্রধান এস কে সুনি বলেন, ক্ষতিগ্রস্ত তিনটি গ্রিডের সবগুলোতেই বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের প্রকৌশলীদের চেষ্টায় এ বিপর্যয় কাটানো গেছে।বিদ্যুৎ বিপর্যয়ের মুখে রাজধানী নয়াদিল্লির মেট্রো সার্ভিস বন্ধ হয়ে যায়। রেলকর্মীরা যাত্রীদের নামিয়ে ট্রেন খালি করেন। শহরের অনেক ট্রাফিক সিগন্যাল কাজ না করায় সড়কগুলোতে দেখা দেয় ভয়াবহ জানযট। বিদ্যুৎ বিচ্ছিন্নের শিকার উল্লেখযোগ্য রাজ্যগুলোর মধ্যে ছিল পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা ও ঝাড়খন্ড। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, লিফট ওঠানামা বন্ধের কারণে পশ্চিমবঙ্গে আটকে পড়া প্রায় ২০০ খনিশ্রমিকের সবাইকেই পরে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিবিসি।