বিদ্যুৎকেন্দ্র মামলায় অভিযুক্ত পারভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি আদালত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত দুর্নীতি মামলায় গতকাল শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফসহ ছয়জনকে অভিযুক্ত করেছেন। ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশিরের নেতৃত্বাধীন বেঞ্চে গতকাল এ মামলার শুনানি হয়। এতে রাজা পারভেজসহ ১০ জনের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরা হয়। আদালত এ-সংক্রান্ত আরও তথ্য-উপাত্ত চেয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন জাতীয় জবাবদিহি ব্যুরোকে (এনএবি) আরও তথ্য-প্রমাণ জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল শুনানি শেষে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ গণমাধ্যমকর্মীদের বলেন, বিষয়টি বিচারাধীন। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অপারগ। পারভেজ মন্তব্য করেন, গণমাধ্যমে ‘চরিত্র হননের’ যে চেষ্টা করা হয়েছে তা খুবই পরিতাপের বিষয়। পারভেজ আশরাফের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অতীতে পানি ও জ্বালানি মন্ত্রী থাকার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে প্রদেয় কিস্তির পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন। সরকারের অর্থনৈতিক সমন্বয় কমিটিকে (ইসিসি) এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ডন।