সিরিয়ার সরকারবিরোধী ‘উদারপন্থী’ বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তার জন্য ৫০ কোটি মার্কিন ডলার খরচ করতে চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য তিনি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন৷ খবর এএফপি ও বিবিসির৷
সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দেওয়ার ব্যাপারে ওবামা প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরেই ইঙ্গিত দিচ্ছিল৷ এ ছাড়া বিরোধী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের মতো আইন প্রণেতারাও এ জন্য সরকারকে চাপ দিয়ে যাচ্ছিলেন৷
ওবামা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওবামা কংগ্রেসের কাছে যে অর্থ চেয়েছেন তা পাওয়া গেলে সেখান থেকে অর্থ ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) জঙ্গিদের দমনের জন্যও খরচ করা হবে৷ ইরাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিচ্ছে ওই জঙ্গিরা৷ তারা ইরাক ও সিরিয়ার বড় অংশজুড়ে সুন্নি অধ্যুষিত একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়৷
ইরাক ছাড়াও সিরিয়ার প্রতিবেশী জর্ডান, লেবানন ও তুরস্কে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং শরণার্থীদের সহায়তার জন্য ১৫০ কোটি ডলার বরাদ্দের প্রস্তাব আগেই করা হয়েছে৷ ওবামা প্রশাসন সিরিয়ার বিদ্রোহীদের সহায়তার জন্য কাঙ্ক্ষিত অর্থ ওই ১৫০ কোটি ডলারের অন্তর্ভুক্ত৷
হোয়াইট হাউস জানায়, প্রস্তাবিত অর্থ সিরিয়ার বিদ্রোহী সামরিক ও বেসামরিক জনগণের সহায়তার জন্য খরচ করা হবে৷
সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় কেরি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার সরকারবিরোধী এবং তাঁদের গুরুত্বপূর্ণ সমর্থক সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে গতকাল শুক্রবার আলোচনা করেন৷ সৌদি বাদশাহ আবদুল্লাহ জন কেরির সঙ্গে জেদ্দায় বৈঠক করেন৷ সিরিয়ার বিদ্রোহীদের অধিকতর সহায়তা দিতে তিনি বহুদিন ধরেই মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন৷