বিদ্রোহীদের এক-তৃতীয়াংশই আইএস আদর্শের অনুসারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নির্মূল হলে এর উত্তরসূরি হতে প্রস্তুত রয়েছে সিরিয়ায় সক্রিয় অন্তত ১৫টি বিদ্রোহী গোষ্ঠী। নতুন এক পশ্চিমা গবেষণায় এ কথা বলা হয়েছে। গবেষণাটি চালানো প্রতিষ্ঠান সেন্টার অন রিলিজিয়ন অ্যান্ড জিওপলিটিকস বলছে, মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসকে সামরিকভাবে পরাজিত করলেও বিশ্বব্যাপী উগ্রপন্থীদের তৎপরতার অবসান ঘটবে না। খবর
বিবিসির।
সেন্টার অন রিলিজিয়ন অ্যান্ড জিওপলিটিকস যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতিষ্ঠিত ফেইথ ফাউন্ডেশনের একটি উদ্যোগ। এর গবেষণায় বলা হয়েছে, আইএসকে দমন করতে হলে এর আদর্শকে ‘বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয়ভাবে’ পরাস্ত করতে হবে। এতে আরও বলা হয়, সিরিয়ার এক-তৃতীয়াংশ বিদ্রোহী গোষ্ঠী আইএসের আদর্শ ধারণ করে। তাদের সদস্য প্রায় এক লাখ। আজ সোমবার এ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কথা।
সেন্টার অন রিলিজিয়ন অ্যান্ড জিওপলিটিকস গবেষণায় বলেছে, সিরীয় বিদ্রোহীদের প্রধান দলগুলোর ৬০ শতাংশকে কট্টর ইসলামপন্থী হিসেবে ধরা যায়। এতে বলা হয়, আইএসের আদর্শ ধারণকারী অথচ এ মুহূর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এমন সংগঠনগুলোই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন সবচেয়ে বিপজ্জনক। মধ্যপন্থী ও চরমপন্থী এ রকম দুই শ্রেণিতে ভাগ করার পশ্চিমা নীতি ব্যর্থ হতে বাধ্য। কারণ, দলগুলো নিজেরা খুব কম সময়ই তাদের এভাবে আলাদা করে। সিরিয়ার বিদ্রোহীদের চার ভাগের এক ভাগেরও কম সংগঠন বলেছে, তারা কোনো ধর্মীয় আদর্শের জন্য লড়ছে না।
গবেষণায় বলা হয়, এ অবস্থায় কেবল আইএসের ওপর মনোযোগ নিবদ্ধ করলে পাশ্চাত্য কৌশলগত ব্যর্থতার ঝুঁকির মধ্যে পড়বে। সামরিকভাবে একে পরাজিত করলেও বিশ্বব্যাপী ‘জিহাদ’ শেষ হবে না। আমরা একটি আদর্শের ওপর বোমা ফেলতে পারি না। কিন্তু আমাদের যুদ্ধই আদর্শিক।
সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে অন্তত আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুহারা ও দেশত্যাগকারীর সংখ্যাও বেশ কয়েক লাখ। এ অবস্থায় মাথাচাড়া দিয়ে ওঠা আইএস দমনে ইরাক ও সিরিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। রাশিয়াও গত সেপ্টেম্বর মাসে এতে যোগ দিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, আইএস শেষ পর্যন্ত পরাজিত হলে ‘পশ্চিমা শক্তি আমাদের খেলাফত ধ্বংস করেছে’ এ স্লোগান দিয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়া যোদ্ধা ও অন্য চরমপন্থীরা সংঘবদ্ধ হয়ে সিরিয়ার বাইরে হামলা চালাতে পারে।