অবশেষে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলের বাইরে পাঠানো হয়েছে মালয়েশিয়া এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজটির হতভাগ্য আরোহীদের লাশ। বিচ্ছিন্নতাবাদীদের অনুমতি সাপেক্ষে ওই সব দেহাবশেষবাহী ট্রেনটি গতকাল মঙ্গলবার ইউক্রেন সরকারনিয়ন্ত্রিত খারকিভ শহরে পৌঁছেছে। সেখান থেকে নেদারল্যান্ডসের নাগরিকদের লাশ আমস্টারডামে নেওয়া হবে।
এদিকে বিধ্বস্ত উড়োজাহাজটির দুটি ব্ল্যাক বক্সও মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বিচ্ছিন্নতাবাদীরা। স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আলেকসান্দর বোরোদাই সোমবার রাতে বেশ কিছুসংখ্যক সাংবাদিকের সামনে ব্ল্যাক বক্স দুটি মালয়েশিয়া কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
আলেকসান্দর বোরোদাই উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার স্থানের ১০ কিলোমিটার (ছয় মাইল) ব্যাসার্ধের মধ্যে যুদ্ধবিরতিরও ঘোষণা দিয়েছেন। বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক তদন্ত দলগুলোকে ঘটনাস্থলে নির্বিঘ্নে প্রবেশের সুযোগ করে দিতে তিনি এ ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে ওই অঞ্চলে অস্ত্রবিরতির ঘোষণা দেয় কিয়েভ কর্তৃপক্ষ। খবর এএফপি, বিবিসি ও নিউইয়র্ক টাইমস-এর।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আলেকসান্দর বোরোদাইয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর ব্ল্যাক বক্স হস্তান্তর ও লাশ স্থানান্তরের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়। এরপর শীতাতপনিয়ন্ত্রিত পাঁচটি ওয়াগনে করে লাশবাহী একটি ট্রেন খারকিভ-বালাশোভস্কি স্টেশনে পৌঁছায়। সেখান থেকে এসব লাশ নেওয়া হবে মালিশেভ ট্যাংক ফ্যাক্টরিতে। পরে নেদারল্যান্ডস সরকারের সরবরাহ করা বিশেষ কফিনে তা সংরক্ষণ করা হবে। তবে নেদারল্যান্ডসের কর্মকর্তারা বলেছেন, বিদ্রোহীরা ২৮২টি লাশের কথা বললেও ট্রেনে লাশ রয়েছে ২০০।
বিধ্বস্ত উড়োজাহাজটির ২৯৮ জন আরোহীর মধ্যে ১৯৩ জনই ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক। ইউক্রেন সরকার বলেছে, তারা লাশগুলো মঙ্গলবারই ওই দেশে পাঠানোর ‘সর্বোচ্চ চেষ্টা’ করছে।
নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার পথে গত বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। পশ্চিমারা সন্দেহ করছে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় উড়োজাহাজটি। ইউক্রেন সরকারও সে রকম অভিযোগ করেছে।
ঘটনার পর থেকে লাশ উদ্ধার ও তদন্তকাজে বাধা এবং আলামত নষ্টের অভিযোগ পাওয়া গেছে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে। পরে আন্তর্জাতিক চাপের মুখে বিচ্ছিন্নতাবাদীরা ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ দেখা ও নিয়ে যাওয়ার অনুমতি দেয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সোমবার প্রথমবারের মতো লাশ দেখার সুযোগ পান। সেদিনই লাশগুলো বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা তোরেজ শহর থেকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়।
সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত: মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ সম্ভবত সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৭৭-২০০ মডেলের উড়োজাহাজটির ধ্বংসাবশেষের একটি খণ্ডের ছবি পরীক্ষা করে বিশেষজ্ঞরা এ কথা বলেছেন। যে এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষের বেশির ভাগ পড়েছে, তার থেকে কয়েক কিলোমিটার দূরের একটি স্থানে পড়ে থাকা একটি খণ্ডের ছবি তুলে এনেছেন নিউইয়র্ক টাইমস-এর দুই সাংবাদিক। সেটি পরীক্ষা-নিরীক্ষা করেছেন প্রতিরক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইএইচএস জেন’স-এর গবেষকেরা।
নিষেধাজ্ঞা পরিকল্পনা: ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মস্কো সমর্থন দিচ্ছে—এমন অভিযোগ তুলে রাশিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এ ব্যাপারে ব্রাসেলসে মিলিত হয়েছেন। রাশিয়ার অনেক কর্মকর্তার ওপর বর্তমানে ইইউর নিষেধাজ্ঞা রয়েছে। সেই তালিকায় আরও নাম অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা।