বিদ্রোহের মুখে চিরবিদ্রোহী

কট্টর বাম নীতির ধারক বলে পরিচিত জেরেমি করবিন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই দলটিতে নানা পরিবর্তন ঘটছে। নতুন নেতার প্রতি বিদ্রোহ করে ছায়ামন্ত্রীর পদ থেকে বিদায় নিয়েছেন মধ্যপন্থী ১১ জন এমপি। আর করবিন তাঁর ছায়া মন্ত্রিসভায় ইতিমধ্যে যাঁদের নাম ঘোষণা করেছেন তাঁদের মধ্যে বামপন্থীদের আধিক্যই বেশি।
ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা করবিন পুঁজিবাদবিরোধী জন ম্যাকডোনেলকে ছায়া অর্থমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছেন। কট্টর বামপন্থী ম্যাকডোনেল করবিনের নির্বাচনী প্রচার সমন্বয়ক ও ঘনিষ্ঠ বন্ধু। তিনি সরকারের ব্যয় কর্তন নীতির তীব্র বিরোধী। করবিন যে বামপন্থী নীতি থেকে সরে আসবেন না, ছায়া অর্থমন্ত্রীর পদে ম্যাকডোনেলের নিয়োগ সে বার্তাই দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নেতা নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামকে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন করবিন।
নেতা নির্বাচনে অপর দুই প্রতিদ্বন্দ্বী ইভেট কুপার ও লিজ ক্যান্ডেল করবিনের অধীনে ছায়া মন্ত্রিসভায় কাজ করতে অস্বীকৃতি জানান। কুপার স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্যান্ডেল ছায়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। ক্যামেরন সরকারের যুদ্ধনীতির প্রতি সন্দিহান হিলারি বেন ছায়া পররাষ্ট্রমন্ত্রীর পদেই বহাল থাকছেন। করবিনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সাবেক ছায়া বাণিজ্যমন্ত্রী চুকা উমুন্না তাঁর পদ থেকে সরে দাঁড়ান। উমুন্নার স্থলাভিষিক্ত হয়েছেন বামপন্থী বলে পরিচিত এঙ্গেলা ইগল। একই সঙ্গে তিনি ছায়া মুখ্যসচিবের দায়িত্ব পালন করবেন এবং পার্লামেন্টে করবিনের অনুপস্থিতিতে প্রশ্নের মোকাবিলা করবেন। চিফ হুইপ হিসেবে বহাল আছেন সাবেক প্রতিমন্ত্রী রোজি উন্টারটন।
করবিন নিজ দলেই এত দিন বিদ্রোহী হিসেবে চিহ্নিত ছিলেন। যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রবিরোধী এই নেতা ব্রিটিশ পররাষ্ট্রনীতির কড়া সমালোচক। ৩৩ বছরের এমপি জীবনে তিনি ৫০০ বারের বেশি নিজ দল লেবার পার্টির বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিয়েছেন। কট্টর বাম নীতির কারণে করবিন কখনো মন্ত্রিসভা বা ছায়ামন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাননি। পেছন সারির এমপি সেই করবিনই দলের সদস্যদের বিপুল ভোটে লেবার দলের নেতা নির্বাচিত হন গত শনিবার। এত কাল দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করা করবিন কীভাবে নিজ এমপিদের বিদ্রোহ সামাল দেন, সেটাই এখন দেখার।