বিদ্রোহ আর নিষেধাজ্ঞার হুমকি, বিপাকে মালির জান্তা সরকার
একদিকে তুয়ারেগ বিদ্রোহী, অন্যদিকে সেনাদের ওপর পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোয়াসের নিষেধাজ্ঞার হুমকি—দ্বিমুখী চাপে মালির জান্তা সরকার এখন অনেকটা নাজুক অবস্থায় রয়েছে।তুয়ারেগ বিদ্রোহীরা জান্তা সরকারকে সরাতে চায়। ক্ষমতা ছাড়ার জন্য তারা জান্তাকে গতকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।গত রোববার মালির ঐতিহাসিক শহর টিম্বাকটু ঘিরে ফেলেছে বলে বিদ্রোহীরা দাবি করেছে। তবে তুয়ারেগ গোষ্ঠীর মুখপাত্র মুসা আগ আসারিদ জানান, তাঁদের দক্ষিণের দিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাঁরা রাজধানী বামাকোতেও যেতে চান না। তবে যেসব এলাকা তাঁরা ঘিরে রেখেছেন, সেসব জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ রাখতে চান।মালির ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদ (এমএনএলএ) তুয়ারেগদের জন্য উত্তরাঞ্চলকে স্বাধীন রাষ্ট্র বানাতে চায়। তারা উত্তরাঞ্চলের ইসলামি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কাজ করছে। এদিকে মালির শাসনব্যবস্থায় পরিবর্তন না আনলে ইকোয়াস অবরোধ আরোপের হুমকি দিয়েছে। তারা বলেছে, শাসনব্যবস্থায় পরিবর্তন না আনলে তারা সীমান্ত বন্ধ করে দেবে, সম্পদের ওপর অবরোধ আরোপ করবে।