বিদ্রোহী নেতা মানকোউশ লিবিয়ার নতুন সেনাপ্রধান
লিবিয়ায় নতুন সামরিক বাহিনী গড়ে তুলতে গত মঙ্গলবার সশস্ত্র বাহিনীর নতুন প্রধানের নাম ঘোষণা করেছে দেশটির জাতীয় অন্তর্বর্তী পরিষদ। মিসরাতার গাদ্দাফিবিরোধী বাহিনীর নেতা অবসরপ্রাপ্ত জেনারেল ইউসেফ আল মানকোউশকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করা হয়।লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের চেয়ারম্যান মুস্তফা আবদুল জলিল সেনাপ্রধান হিসেবে মানকোউশের নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন একটি সেনাবাহিনী গড়ে তোলার পথ তৈরি হলো বলে ধারণা করা হচ্ছে। তবে মিলিশিয়া নেতারা তাঁকে মেনে নেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দুই মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এখনো লিবিয়ার প্রকৃত নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতেই রয়েছে। নবগঠিত অন্তর্বর্তী সরকার তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। বিদ্রোহীদের বিভিন্ন গোষ্ঠী ক্ষমতার ভাগ দাবি করছে। গাদ্দাফিবিরোধী লড়াইয়ের কয়েকটি গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, নিয়মিত সেনাবাহিনী গঠন করা হলেই কেবল তাঁরা তাঁদের নেতৃত্ব নতুন সরকারের হাতে তুলে দেবেন। এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী গঠন করে সেখানে কয়েক হাজার বিদ্রোহীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া পুলিশ বাহিনীসহ অন্যান্য বেসামরিক ক্ষেত্রেও বিদ্রোহীদের নিয়োগ দেওয়া হবে। রয়টার্স।