দক্ষিণ সুদানে লড়াইরত সরকার ও বিদ্রোহীদের মধ্যে গতকাল শনিবার সরাসরি শান্তি আলোচনা শুরু হয়নি। নতুন করে আলোচনার কোনো তারিখও ঘোষণা করা হয়নি। দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতির লক্ষ্যে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় এ আলোচনা শুরুর কথা ছিল।
আদ্দিস আবাবার একটি হোটেলে গত শুক্রবার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন। পরে ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেদ্রোস আধানোম বলেন, প্রাথমিক আলোচনা সফল হয়েছে। কাল (শনিবার) দুই পক্ষ সরাসরি আলোচনায় বসবে।
শুক্রবার আদ্দিস আবাবায় মধ্যস্থতাকারীদের সঙ্গে সমঝোতা আলোচনা চলাকালে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বোর শহরের দিকে সেনাবাহিনী অগ্রসর হচ্ছিল। দক্ষিণ সুদানের সেনা মুখপাত্র ফিলিপ আগুয়ের বলেন, ‘আমাদের শক্তিশালী সামরিক বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহীদের হারাতে সক্ষম।’
পরে বোর শহরের উপকণ্ঠে ব্যাপক সংঘাতের খবর পাওয়া গেছে। সেনারা ট্যাঙ্ক ও কামান ব্যবহার করছে। তেলসমৃদ্ধ শহরটির নিয়ন্ত্রণ সহিংসতা শুরুর পর গত মাসে অন্তত তিনবার বদল হয়েছে।
মুখপাত্র আগুয়ের জোর দিয়ে বলেন, সেনাবাহিনী এখন আবার ফিরে আসছে। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, তাঁরা রাজধানী জুবায় ফিরে যাচ্ছেন। বিদ্রোহী নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকাকে বলেন, আলোচনার স্বার্থে তাঁর বাহিনী জুবায় হামলা চালাবে না। এ ক্ষেত্রে সরকারি বাহিনীকেও হামলা বন্ধ করতে হবে।
এদিকে নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় মার্কিন দূতাবাস থেকে গত শুক্রবার ২০ জন কর্মকর্তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ বিমানে করে দেশটি থেকে সব মিলিয়ে ৪৪০ জন মার্কিন কর্মকর্তা ও সাধারণ নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য মার্কিন নাগরিকদের দক্ষিণ সুদান ত্যাগের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
দক্ষিণ সুদানে গত ১৫ ডিসেম্বর প্রেসিডেন্ট সালভা কির ও বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে ইতিমধ্যে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অন্তত দুই লাখ মানুষ। গত জুলাইয়ে বরখাস্ত মাচার সরকার উৎখাতের পরিকল্পনা করছেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে মাচার বলেন, বরং আগামী বছর নির্বাচন সামনে রেখে বিরোধীদের ওপর দমন-পীড়ন শুরু করেছেন প্রেসিডেন্ট কির। এএফপি ও বিবিসি।