সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার বিষয়ে পশ্চিমাদের আলোচনাকে ‘হত্যায় প্ররোচনার শামিল’ বলে হুঁশিয়ারি করেছেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মুকদাদ। গতকাল সোমবার আল-ওয়াতান পত্রিকার এক খবরে এ কথা বলা হয়।রয়টার্সের এক খবরে বলা হয়, সৌদি আরব প্রায় দুই মাস আগে থেকে সিরিয়ার বিদ্রোহীদের বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। সিরিয়ার বিদ্রোহীদের ‘সামরিক সহায়তা’ দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় ফয়সাল বলেন, যারা হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে চায়, এটি তাদেরই মূলমন্ত্র। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করতে লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের ব্যাপারে যুক্তরাজ্য ও ফ্রান্স আলোচনা করেছে। অস্ত্র পাঠানোর সম্ভাব্যতা খতিয়ে দেখছে দুই দেশ। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হত্যার প্ররোচনার শামিল বলে হুঁশিয়ারি করে সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক ও নৈতিক জায়গা থেকে তা মেনে নেওয়া যায় না। সিরিয়ার অব্যাহত সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দরকার। এ জন্য জাতীয় সংলাপে বসতে হবে। বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে সেই সমাধানে পৌঁছানো সম্ভব নয়। গত সপ্তাহে ওয়াশিংটন জানায়, বাশারের অনুগত বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে। তাই বিদ্রোহীদের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়ায় অব্যাহত রক্তপাত বন্ধে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে জেনেভায় শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।জেনেভা সম্মেলন সফল করার জন্য সিরিয়া কাজ করবে বলে জানান সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী। তবে সব পক্ষকেই আন্তরিক হতে বলেও মন্তব্য করেন তিনি। এএফপি।