বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে সহায়তা করছে সিআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের জন্য আরব দেশগুলোর পাশাপাশি তুরস্ককে সহযোগিতা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস গতকাল সোমবার এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।সাম্প্রতিক মাসগুলোয় বিমানযোগে অস্ত্র পরিবহনের বিভিন্ন উপাত্ত এবং সিরিয়ার অজ্ঞাত কয়েকজন কর্মকর্তা ও বিদ্রোহীর সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, জর্ডান, সৌদি আরব ও কাতারের অন্তত ১৬০টি সামরিক বিমানযোগে তুরস্ক ও জর্ডানের একাধিক বিমানবন্দরে এসব অস্ত্রের চালান পৌঁছানো হয়।স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) গবেষক হিউ গ্রিফিতস বলেন, এসব বিমানে আনুমানিক সাড়ে তিন হাজার টন সামরিক সরঞ্জাম পরিবহন করা হয়। সম্ভবত পরিকল্পিত সামরিক অভিযানের লক্ষ্যেই এসব রসদ পাঠানো হয়েছে।বিদ্রোহী নেতার গাড়িতে হামলা: সিরিয়ার বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ সামরিক নেতা কর্নেল রিয়াদ আল-আসাদের গাড়িতে গত রোববার রাতে বোমা হামলা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বিদ্রোহী সূত্রগুলো গতকাল এ খবর জানিয়েছে।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান বলেন, সিরিয়ার পূর্বাঞ্চলীয় মায়াদিন শহর থেকে ফেরার পথে রিয়াদ আল-আসাদের গাড়িতে হামলা হয়। তিনি পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য তুরস্কে পাঠানো হয়েছে।সরকারপক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন রিয়াদ আল-আসাদ। পরে তিনি ঐক্যবদ্ধ বিদ্রোহী বাহিনী ফ্রি সিরিয়ান আর্মির শীর্ষ দায়িত্ব পান। যুদ্ধের ময়দানে বিদ্রোহীদের সামনে তাঁর নিয়মিত উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।‘বিরোধীদের অবশ্যই আবার ঐক্যবদ্ধ হতে হবে’: সিরিয়ায় চলমান পরিস্থিতির সুযোগ নেওয়া থেকে চরমপন্থীদের বিরত রাখতে বিদ্রোহীদের মধ্যে বিভেদের অবসান ঘটিয়ে অবশ্যই আবার ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফবিয়াঁ গতকাল এ মন্তব্য করেছেন। এএফপি ও এপি।