ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনায় বসছে। এতে করে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পথ প্রশস্ত হবে। এমন এক দিন ইইউতে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যেদিন সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরুর দ্বিতীয় বার্ষিকী।বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল শুক্রবার ইইউ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা অস্ত্র সরবরাহের ওই পদক্ষেপের বিষয়ে ইইউভুক্ত অন্য দেশগুলোকে রাজি করানোর চেষ্টা করবেন। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে সম্মেলনে আলোচনা হবে। আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার বিষয়ে শক্তভাবে বিরোধিতা করছে মস্কো। সিরীয় সংঘাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠান হচ্ছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং জর্ডানের আম্মান, যেখানে শিশুরা একটি অনুষ্ঠানে জড়ো হয়। সেভ দ্য চিলড্রেন এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে ব্রাসেলসে গতকাল ইইউ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয়টি উত্থাপন করার কথা। প্যারিসে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ওলাঁদ বলেছেন, তাঁরা বিদ্রোহীদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন। বিবিসি।