বিদ্রোহীদের ওপর হামলার কথা স্বীকার মিয়ানমারের
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে স্থানীয় বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে দেশটির সরকার। ইতিপূর্বে ওই হামলার একটি ভিডিও হস্তগত হওয়ার দাবি করেছিল বিবিসি। হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ওই রাজ্যে সেনাসদস্যদের রসদ সরবরাহ বন্ধের চেষ্টা করলে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।মানবাধিকার সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্সের কাছ থেকে পাওয়া বিবিসির ভিডিও দৃশ্যে দেখা গেছে, বিদ্রোহীগোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মির ঘাঁটিগুলোর ওপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছে ও সেই সঙ্গে আকাশে খুব কাছে থেকে জঙ্গি বিমান টহল দিচ্ছে। স্থানীয় অধিবাসীরাও এ খবর নিশ্চিত করেন।১৭ বছরের যুদ্ধবিরতির পর গত বছর থেকে কাচিন বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর নতুন করে লড়াই শুরু হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেনাবাহিনী গত পাঁচ দিন ধরে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে।সরকারিভাবে হামলার খবর স্বীকার করে নেওয়ার আগে প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক জ্য হতেই বলেছিলেন, রাজ্যটির পরিস্থিতি জটিল এবং সেনাবাহিনী তাঁকে জানিয়েছে, সেখানকার সেনাদের কাছে রসদ পৌঁছে দিতেই কেবল তারা বিমান ব্যবহার করছে।স্থানীয় অধিবাসীদের অনেকেই ইতিমধ্যে পালিয়ে কাচিন ও চীন সীমান্তের বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ রাজ্যটিতে নতুন করে লড়াই শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।মিয়ানমারে বিদ্রোহীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ জানতে পারলাম মিয়ানমার সরকার কাচিন রাজ্যে বিদ্রোহীদের ওপর হামলার কথা স্বীকার করেছে। এএফপি ও বিবিসি।